২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট জিতে অ্যাশেজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। ৭ বছর পর জয় দিয়ে অ্যাশেজ শুরু করা অস্ট্রেলিয়াও অগ্রগামিতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

২০০৫ সালে প্রায় দেড় যুগ পর অ্যাশেজ হারের তেতো স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৬/০৭ মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠিত ফিরতি সিরিজে অবশ্য নির্মম প্রতিশোধ নিয়েছিল রিকি পন্টিংয়ের দল। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার শেষ টেস্ট সিরিজকে রাঙিয়ে রেখে ৫-০ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে বিধ্বস্ত করেছিল তারা।

তবে এরপর থেকে অ্যাশেজ মানে অস্ট্রেলীয়দের জন্য অনন্ত আক্ষেপ আর গ্লানিময় এক সিরিজ। টানা তিনটি অ্যাশেজ হারের লজ্জায় পড়া অস্ট্রেলিয়াকে ২০১০/১১ মৌসুমে দুই যুগেরও বেশি সময় পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। সেবার তিনটি টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছিল পন্টিংয়ের দল।

গত জুলাই-অগাস্টে ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া অস্ট্রেলিয়াকে নিয়ে এবারের অ্যাশেজেও অনেকেই তেমন আশাবাদী ছিল না।

তবে ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ডকে চার দিনেই ৩৮১ রানে হারিয়ে স্বাগতিক দল এখন দারুণ আত্মবিশ্বাসী।

২০০৬/০৭ মৌসুমের সেই সিরিজের পর থেকে অ্যাশেজে প্রতিটি জয়ের পরই হার মেনেছে অস্ট্রেলিয়া। তবে ব্রিসবেনে দুই ইনিংসেই ইংল্যান্ডকে দু শ’ রানের নিচে অলআউট করে বিশাল জয় পেয়ে মাইকেল ক্লার্কের দল ভীষণ উজ্জীবিত।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা আর অ্যাডিলেইড ওভালের নতুন উইকেটের আচরণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক। তিনি বলেন, “ব্রিসবেন থেকে আমরা দারুণ আত্মবিশ্বাস পেয়েছি। দলগতভাবে ভালো খেলতে পারায় সবাই রোমাঞ্চিতও।”

“গত ম্যাচ জিতেছি বলেই যে আমরা আত্মবিশ্বাসী, তা নয়। সর্বশেষ আট মাস ধরে আমরা ভালো খেলছি। ফলাফলে হয়তো তার প্রতিফলন নেই। তবে আমাদের দলের সবাই রান করছে বা উইকেট পাচ্ছে। সবাই বুঝতে পারছে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে।”

১৮৯০ সালের পর প্রথমবারের মতো টানা চারটি অ্যাশেজ জয়ের লক্ষ্য পূরণের শুরুতেই হোঁচট খাওয়া ইংল্যান্ডের দুর্দশা বাড়িয়ে ব্রিসবেন টেস্টের পর দেশে ফিরে গেছেন মানসিকভাবে ভেঙ্গে পড়া জোনাথন ট্রট।

এমন কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য দলের জ্যেষ্ঠ ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

তিনি বলেন, “ব্রিসবেনে আমরা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছি। সামর্থ্য অনুযায়ী খেলতেও পারিনি। আমাদের পাঁচ/ছয় জন জ্যেষ্ঠ ক্রিকেটারকে তাই ঘুরে দাঁড়িয়ে সামনে থেকে দলকে পথ দেখাতে হবে।”