২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হার এড়াতে লড়ছে উইন্ডিজ

ডানেডিন টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। নিউ জিল্যান্ডের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 01:16 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বৃহস্পতিবার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৬৮ রান। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে নামাতে তাদের করতে হবে আরো ২২৮ রান।

ইউনিভার্সিটি ওভালে ২ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে ৬ রান যোগ করেই সাজঘরের পথ ধরেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো (৪০) ও মারলন স্যামুয়েলস (১৪)।

৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে ছিল দলের সেরা ব্যাটসম্যান শিবনারণ চন্দপরলের দিকে। স্বভাববিরুদ্ধ ৮৭ বলে ৭৬ রানের ইনিংস খেলার পথে দীনেশ রামদিনের (১২) সঙ্গে ৬৮ রানের একটি জুটি উপহার দেন তিনি।

দলীয় ১৮৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে চন্দরপলের বিদায়ের পর অতিথিরা দুইশ’ পেরুয় ড্যারেন স্যামির সৌজন্যে। ২৭ রানে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

৫২ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের সেরা বোলার টিম সাউদি। ৪০ রানে ৩ উইকেট নেয়া ট্রেন্ট বোল্টের অবদানও কম নয়।

প্রথম ইনিংসে ৬২.১ ওভারের বেশি খেলতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে আছে লড়াইয়ের ইঙ্গিত।

১৮ রানে কাইরন পাওয়েলের বিদায়ে দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে ব্রাভোর সঙ্গে কার্ক এডওয়ার্ডসের ১১৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে অতিথিরা।

প্রথম ইনিংসে কোনো রান না করা এডওয়ার্ডস দ্বিতীয় ইনিংসে ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৫৯ রান।

ব্রাভো ৭২ ও স্যামুয়েলস ১৭ রানে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৬০৯/৯ ইনিংস ঘোষণা (টেইলর ২১৭*, ম্যাককালাম ১১৩, দারফোর্ড ৬২, ফুলটন ৬১, বেস্ট ৩/১৪৮, দিওনারায়ণ ২/৭৬, স্যামি ২/৭৯)

ওয়েস্ট ইন্ডিজ: ২১৩ (চন্দরপল ৭৬, ব্রাভো ৪০; সাউদি ৪/৫২, বোল্ট ৩/৪০, সোধি ২/৬৩) ও ১৬৮/২ (এডওয়ার্ডস ৫৯, পাওয়েল ১৪, ব্রাভো ৭২*, স্যামুয়েলস ১৭*; বোল্ট ১/২৬, সোধি ১/৫১)