ধোনির আরেকটি পুরস্কার
জীবনে কম পুরস্কার পাননি মহেন্দ্র সিং ধোনি। এবার আরেকটি পুরস্কার পেলেন ভারত অধিনায়ক – ‘এলজি পিপল’স চয়েস অ্যাওয়ার্ড’।
তৃতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেয়েছেন ধোনি। ২০১০ সালে ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ২০১১ ও ২০১২ সালে টানা দুই বছর পুরস্কারটা উঠেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে।
এবার ধোনি ছাড়া মনোনয়ন পেয়েছিলেন আরেক ভারতীয় বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
২০১০ সাল থেকে প্রবর্তিত ‘এলজি পিপল’স চয়েস অ্যাওয়ার্ড’ সারা বিশ্বের প্রায় এক লাখ ৮৮ হাজার ক্রিকেট-ভক্তের ভোটে নির্বাচন করা হয়। এবার ২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত (আরব আমিরাত সময়) প্রিয় ক্রিকেটারকে ভোট দিতে পেরেছেন ভক্তরা।
এই পুরস্কার পেয়ে ধোনি উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমাকে দারুণ সন্তুষ্টি দেয়া অন্যতম পুরস্কার এটা। কারণ এটা খেলাটার প্রধান পৃষ্ঠপোষক ভক্তদের কাছ থেকে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।”
