টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের জন্য দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে তিন ম্যাচের একটি টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১০, ১২ ও ১৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে জাতীয় দলের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়, তৃতীয়টি বেলা একটায়।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ মার্চ থেকে। তার আগে তিনটি ওয়ানডে এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
শক্তির ভারসাম্য রাখার জন্য ‘এ’ দলে রাখা হয়েছে নাসির হোসেন ও মুমিনুল হককে। ‘এ’ দলের অধিনায়কও নাসির। জাতীয় দলের অধিনায়ক যথারীতি মুশফিকুর রহিম।
ডেঙ্গু জ্বর হওয়ায় অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি খেলতে না পারা সাকিব আল হাসান রয়েছেন জাতীয় দলে। তবে চোটের কারণে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে রাখা হয়নি।
‘এ’ দল যথেষ্ট শক্তিশালী। নাসির, মুমিনুল ছাড়াও ‘এ’ দলে থাকা জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন, ফরহাদ রেজা ও ইলিয়াস সানির জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
জাতীয় দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।
‘এ’ দল: নাসির হোসেন (অধিনায়ক), জহুরুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইলিয়াস সানি, মুক্তার আলী ও আলাউদ্দিন বাবু।
