২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলর, ম্যাককালামের শতকে নিউ জিল্যান্ডের দিন

রস টেইলর ও ব্রেন্ডন টেইলরের অপরাজিত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে নিউ জিল্যান্ডের। মঙ্গলবার ৩ উইকেটে ৩৬৭ রান করা স্বাগতিকদের সামনে এখন বিশাল সংগ্রহ গড়ার সম্ভাবনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 02:02 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে হামিশ রাদারফোর্ডের সঙ্গে পিটার ফুলটনের ৯৫ রানের উদ্বোধনী জুটি নিউ জিল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়।

অফস্পিনার শেন শিলিংফোর্ডের বলে নরসিং দিওনারায়ন হাতে রাদারফোর্ড (৬২) ক্যাচ দিলে ভাঙ্গে ২৫ ওভার স্থায়ী জুটি। তার ৮৩ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।

পাঁচ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ভালো করতে পারেননি অ্যারন রেমন্ড। টিনো বেস্টের বলে মারলন স্যামুয়েলসের হাতে ক্যাচ দেয়ার আগে ফুলটনের সঙ্গে ২২ রানের জুটি গড়েন তিনি। যার ২০ রানই আসে রেমন্ডের ব্যাট থেকে।

তৃতীয় উইকেটে সাবেক অধিনায়ক টেইলরের সঙ্গে ৬৮ রানের আরেকটি জুটি উপহার দেন ফুলটন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের শিকারে পরিণত হওয়ার আগে ৬১ রান আসে দীর্ঘদেহী ব্যাটসম্যানের ব্যাট থেকে। তার ১৪৫ বলের ইনিংসে ছিল ১১টি চার।

চা-বিরতির কিছুক্ষণ আগে মাঠে নামা ম্যাককালামের সঙ্গে টেইলরের অবিচ্ছিন্ন ১৮২ রানের জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে।

৩৮ ওভার ৩ বল স্থায়ী জুটিতে ম্যাককালামের অবদান ১০৯ রান। তার ১২২ বলের ইনিংসটি ১৪টি চার ও ৩টি ছক্কায় গড়া। এটি তার সপ্তম টেস্ট শতক।

১০৩ রানে অপরাজিত টেইলরের ১৫৭ বলের ইনিংসে আছে ১৩টি চার। এটি তার নবম টেস্ট শতক।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৩৬৭/৩ (ফুলটন ৬১, রাদারফোর্ড ৬২, রেমন্ড ২০, টেইলর ১০৩*, ম্যাককালাম ১০৯*; স্যামি ১/৬৮, বেস্ট ১/৮৭, শিলিংফোর্ড ১/৮৮)