২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরাম খানের নতুন ‘চ্যালেঞ্জ’

সাবেক প্রধান নির্বাচক আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়ে ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, নতুন ‘চ্যালেঞ্জ’ নিয়ে পরিকল্পনামতো এগোতে চান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক কথোপকথনে আকরাম বলেন, “ক্রিকেটার, নির্বাচক, পরিচালক তিনটি ভূমিকা সম্পর্কেই এখন আমি অবগত। এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পেয়েছে। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমার ওপর সবার অনেক প্রত্যাশা। আশা করি সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবো।”

আকরাম মনে করেন, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি, ক্রীড়া উন্নয়ন কমিটি ও টুর্নামেন্ট কমিটির সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

এ প্রসঙ্গে ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক বলেন, “ক্রিকেটের উন্নয়নের জন্য এই তিনটি বিভাগের সমন্বয় জরুরি। এই তিন বিভাগের টিম ওয়ার্কের মাধ্যমে ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আলাদাভাবে কোনো বিভাগের পক্ষে তা সম্ভব নয়।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচি অনুযায়ী বাংলাদেশের খেলা খুব কম। আকরাম মনে করেন, দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে খেলার সংখ্যা বাড়ানো যেতে পারে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের বৃত্তির ব্যাপারে উদ্যোগ নেয়া উচিৎ বলেও মনে করেন তিনি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মুশফিকুর রহিমকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হলেও এখনো সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। আকরাম জানিয়েছেন, কোচ শেন জার্গেনসেন ও মুশফিকের সঙ্গে আলোচনা করে নির্বাচকরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ১০, ১২ ১৪ ডিসেম্বর জাতীয় দল ও ‘এ’ দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। স্বাগতিক বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি দেখতে আইসিসির ৭ সদস্যের প্রতিনিধি দলের রোববার রাতে ঢাকায় পৌঁছানোর কথা।