২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ‘দক্ষিণ আফ্রিকা’ জয়

মাত্র কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি পাকিস্তান। অথচ দক্ষিণ আফ্রিকায় ফিরতি সফরেই তারা বিজয়ীর বেশে। দ্বিতীয় ওয়ানডে নাটকীয়ভাবে ১ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 01:09 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া পাকিস্তান এই প্রথম কোনো দ্বি-পক্ষীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারালো।

পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ’স পার্কে ৫০০তম ওয়ানডে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আহমেদ শেহজাদের শতকের সুবাদে ২৬২ রানের লড়াই করার মতো সংগ্রহ পেয়ে যায় অতিথি দল।

২২ রানে ২ উইকেট হারানোর পর শোয়েব মাকসুদের (৪২) সঙ্গে ১২৮ বলে ১২৪ রানের জুটি গড়া শেহজাদের ব্যাট থেকে আসে ১০২ রান। ১১২ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও দুটি ছক্কায়।

এ দুজনের বিদায়ের পর উমর আকমলের ৩০ বলে ৪২ রানের আক্রমণাত্মক ইনিংস আড়াই শ’র ওপরে নিয়ে যায় পাকিস্তানকে।

দারুণ ছন্দে থাকা ডেল স্টেইন বুধবারও সফল। ৩৯ রানের বিনিময়ে এই ফাস্ট বোলারের শিকার ৬ উইকেট।

জবাব দিতে নামা স্বাগতিক দলকে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার মাত্র ৭৮ বলে ১১০ রানের চতুর্থ উইকেট জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।

কিন্তু ৪৫ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৭৪ রান করে ডি ভিলিয়ার্স বিদায় নেয়ার পর চাপের কাছে নতি স্বীকারের ‘পুরনো রোগ’ মাথা চাড়া দিয়ে ওঠে দক্ষিণ আফ্রিকানদের।

১৩১ বলে ৯৮ রান করা আমলার ধীরগতির ব্যাটিং সেই চাপের অন্যতম কারণ। যা থেকে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। শেষ দুই ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ১১ রান প্রয়োজন ছিল। সাঈদ আজমলের করা ৪৪তম ওভারে মাত্র দুই রান পায় দক্ষিণ আফ্রিকা। ঐ ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েন আমলা। জুনায়েদ খানের করা শেষ ওভারে ৯ রান করতে হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকা ১ রানের ব্যবধান ঘোচাতে না পারায় জয়ের আনন্দে মেতে ওঠে পাকিস্তান। সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ৪৫ ওভারে ২৬২ (জামশেদ ২, শেহজাদ ১০২, হাফিজ ৮, মাকসুদ ৪২, মিসবাহ ১২, উমর ৪২, আফ্রিদি ১১, বিলাওয়াল ২১, আনওয়ার ৭, আজমল ০, জুনায়েদ ১*; স্টেইন ৬/৩৯, তাহির ১/৩৩, ম্যাকলারেন ১/৭১) দক্ষিণ আফ্রিকা : ৪৫ ওভারে ২৬১/৬ (আমলা ৯৮, স্মিথ ১, ডি কক ৪৭, ক্যালিস ৬, ডি ভিলিয়ার্স ৭৪, ডুমিনি ১৫, মিলার ২*, ম্যাকলারেন ০*; জুনায়েদ ৩/৪২, আফ্রিদি ২/৩৮, আজমল ১/৪৬) ম্যাচ সেরা : আহমেদ শেহজাদ।