টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ফ্রি’ টিকেট নেই
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিনামূল্যে টিকেট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেটের চাহিদা আকাশচুম্বী। তাই কাউকে বিনা পয়সায় খেলা দেখার সুযোগ দেয়ার পক্ষপাতী নন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টে আমরা কিছু ফ্রি টিকেট দেই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কোনো সুযোগ নেই। মানুষ যেখানে টিকেট পাচ্ছে না সেখানে কারো বিনা পয়সায় খেলা দেখা আমরা মেনে নিতে পারি না।”
গত কয়েকটি সিরিজের মতো জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজটিতেও আলাদাভাবে টিভি-স্বত্বের জন্য দরপত্র আহ্বান করবে বিসিবি।
তবে এই সিরিজ শেষ হওয়ার পর ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে দরপত্র আহ্বানের পরিকল্পনার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, “দীর্ঘ মেয়াদী চুক্তির প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ। একটু সময় লাগলেও আমরা সব দিক পরীক্ষা করে এগোতে চাই। নিম্বাসের সঙ্গে চুক্তির সময় তা করা হয়নি বলে আমরা এখনো আড়াই কোটি ডলার আদায় করতে পারিনি।”
