সাফল্যের সন্ধানে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকাকে আজ পর্যন্ত কোনো দ্বি-পক্ষীয় ওয়ানডে সিরিজে হারাতে পারেনি পাকিস্তান। তবে বুধবার পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ’স পার্কে দ্বিতীয় ওয়ানডে জিতলেই ‘আশা’ পূরণ হবে তাদের। গত রোববার প্রথম ওয়ানডেতে ২৩ রানের জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে অতিথি দল এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
পাকিস্তান তো বটেই, ২২ বছরের নির্বাসন শেষে ১৯৯১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকার জন্যও বুধবার তাৎপর্যপূর্ণ দিন। পোর্ট এলিজাবেথে ৫০০তম ওয়ানডে খেলতে নামছে তারা। এই মাইলফলকে পৌঁছানোর ভেন্যুও দারুণ গুরুত্বপূর্ণ তাদের জন্য। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা অভিষেক টেস্ট খেলেছিল সেইন্ট জর্জ’স পার্কেই।
অর্থাৎ ২৭ নভেম্বর, ২০১৩ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য ‘লাল অক্ষরে লেখা’ এক দিন। জিতলে পাকিস্তানও দিনটিকে মনে রাখবে নিঃসন্দেহে।
এমনিতে অবশ্য দুই দলের মুখোমুখি হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের বেশ নিয়মিত ঘটনা। দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৮০টি। ৬৯ ম্যাচ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তান।
এর মধ্যে ২০১৩ সালেই ১২টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। আগামী শনিবার সংখ্যাটা হয়ে যাবে ১৪। এক পঞ্জিকাবর্ষে আর কোনো দলের বিপক্ষে এতগুলো ওয়ানডে খেলেনি দক্ষিণ আফ্রিকানরা।
অনেকবার মুখোমুখি হলেও সৌভাগ্যক্রমে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লড়াই কখনো বিবর্ণ হয়ে পড়েনি। বরং এই দুই দল অনেকগুলো আকর্ষণীয় লড়াইয়ের জন্ম দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ ওয়ানডে সিরিজটা অবশ্য তেমন জমেনি। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে পাকিস্তানের বিপক্ষে জয়যাত্রা অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা।
অথচ ঘরের মাঠে ফিরতি সিরিজের প্রথম ওয়ানডেতে সেই দক্ষিণ আফ্রিকাই ‘ভূপাতিত’ হয়েছে, ২১৯ রান তাড়া করতে নেমে হেরে গেছে ২৩ রানে।
সেদিন প্রায় পৌনে দুই বছর পর জ্যাক ক্যালিস খেলতে নেমেছিলেন ওয়ানডেতে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যথাসাধ্য চেষ্টাও করেছিলেন। তবে তিনি বল হাতে দুই উইকেট নেয়ার পর ৫০ রান করলেও স্বাগতিকরা জয়ের দেখা পায়নি।
সিরিজ হারের শঙ্কার সামনে থাকা দক্ষিণ আফ্রিকা দলে বুধবার অন্তত একটি পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা। সর্বশেষ ৯ ইনিংসে একটিও অর্ধশতক করতে না পারা ডেভিড মিলার বাদ পড়তে পারেন। তার জায়গা নিতে পারেন আমিরাতে সিরিজ সেরা হয়েও কেপ টাউনে প্রথম ওয়ানডেতে বিস্ময়করভাবে সুযোগ না পাওয়া রায়ান ম্যাকলারেন।
পাকিস্তান দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে অনেক দিন বড় ইনিংস খেলতে ব্যর্থ নাসির জামশেদকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে পারে অতিথি দল। সেক্ষেত্রে প্রথম একাদশে দেখা যেতে পারে উমর আমিন অথবা আসাদ শফিককে। জামশেদ বাদ পড়লে আহমেদ শেহজাদের সঙ্গে মোহাম্মদ হাফিজের উদ্বোধন করার সম্ভাবনা প্রায় শতভাগ।
