সীমিত ওভারের ম্যাচে নেই মাহেলা জয়াবর্ধনে
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আগামী মাসের সীমিত ওভারের সিরিজ দুটিতে ব্যক্তিগত কারণে খেলছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে ৪০৭টি ওয়ানডেতে ১১ হাজারের বেশি রান করা ৩৬ বছর বয়সী মাহেলা ব্যক্তিগত কারণে তাকে দলে না নেয়ার অনুরোধ করেছিলেন।
ডিসেম্বরে প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান সাবেক এই অধিনায়ক।
তার জায়গায় ডাক পেয়েছেন দুটি টেস্ট খেলা বাঁহাতি ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে। এখনো দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলা হয়নি তার।
রঙ্গনা হেরাথকে ওয়ানডে সিরিজে দলে রাখা হলেও খেলবেন না টি-টোয়েন্টি সিরিজে। বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে।
১১ ও ১৩ ডিসেম্বর দুবাইয়ে হবে দুটি টি-টোয়েন্টি। ১৮ ডিসেম্বর থেকে শারজায় শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
৩১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেন জয়াবর্ধনে।
ওয়ানডে দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কিথুরুয়ান ভিথানাগে, আশান প্রিয়াঞ্জন, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ ও সেক্কুগে প্রসন্ন।
টি-টোয়েন্টি দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, অঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কিথুরুয়ান ভিথানাগে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, সেক্কুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস ও রামিথ রাম্বুকওয়েল্লা (ফিটনেসের ওপর নির্ভর করছে)।
