অ্যাশেজ ছেড়ে ইংল্যান্ড ফিরলেন ট্রট
ব্রিসবেন টেস্টে ৩৮১ রানে হেরে অ্যাশেজ ধরে রাখার লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খাওয়া ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ। অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন অন্যতম ব্যাটিং ভরসা জোনাথন ট্রট।
সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, “চাপজনিত অসুস্থতার কারণে আগামী কিছু দিন ট্রট ক্রিকেট থেকে দূরে থাকবেন। এই সফরে তিনি আর খেলবেন না।”
চলতি বছরের প্রথম অ্যাশেজ সিরিজে ভালো কাটেনি ইংল্যান্ডের টেস্ট দলে তিন নম্বরে ব্যাট করা এই ডানহাতি ব্যাটসম্যানের। স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ট্রটের গড় ছিল ৩০ এর নিচে।
অস্ট্রেলিয়ায় বছরের দ্বিতীয় অ্যাশেজের উদ্বোধনী টেস্টে ব্যর্থ হন ট্রট। ব্রিসবেনে দুই ইনিংসেই মিচেল জনসনের বাউন্সার ঠিক ভাবে খেলতে না পেরে সাজঘরে ফেরেন তিনি।
এক বিবৃতিতে ট্রট বলেন, “আমি শতভাগ দিতে পারছি না জানার পরও খেলা চালিয়ে যাওয়া ঠিক বলে আমার মনে হয় না। অতীতে যে পর্যায়ে খেলেছিলাম এখন সেই পর্যায়ে খেলতে পারছি না।”
“আপাতত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট থেকে একটু দূরে থাকা; যেন আমার ফর্ম পুনরুদ্ধারে মনযোগ দিতে পারি। আশা করি সতীর্থরা সফরের পরের ম্যাচগুলোতে খুব ভালো খেলবে,” যোগ করেন তিনি।
গ্যাবায় ১০ ও নয় রান করেন ট্রট। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ট্রটের আউটের ধরনকে ‘দুর্বল’ বলে অভিহিত করার পর গণমাধ্যমে তা সমালোচনার ঝড় তুলে। ওয়ার্নারের মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে অ্যাখায়িত করেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।
