টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-আফগানিস্তান
বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের।
বাছাই পর্ব পেরিয়ে আসা ছয়টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে। সেখানে তাদের সঙ্গী হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
রোববার আবুধাবিতে হংকংকে ৮৫ রানে হারানোর সুবাদে ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় আয়ারল্যান্ডের। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
পল স্টার্লিংয়ের ৪৫ বলে ৭৭ ও কেভিন ও’ব্রায়েনের ২৭ বলে অপরাজিত ৬২ রানের দুটো ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।
