২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামি ‘ঝড়ে’ সমতায় ওয়েস্ট ইন্ডিজ

ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 12:17 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

রোববার বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে রোহিত শর্মাকে হারালেও বিরাট কোহলির আরেকটি দারুণ ইনিংসের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারত।

শিখর ধাওয়ানের (৩৫) সঙ্গে ৪৮, যুবরাজ সিংয়ের (২৮) সঙ্গে ৬৯ ও সুরেশ রায়নার (২৩) সঙ্গে ৬৫ রানের তিনটি মূল্যবান জুটি গড়া কোহলি মাত্র ১ রানের জন্য অষ্টাদশ ওয়ানডে শতকের দেখা পাননি।

রবি রামপলকে পুল করতে গিয়ে জেসন হোল্ডারের দারুণ ক্যাচে পরিণত হয়ে ৯৯ রানের হতাশা নিয়ে ফিরে আসা কোহলির ১০০ বলের ইনিংসে ৯টি চার থাকলেও বিস্ময়করভাবে কোনো ছক্কা নেই।

কোহলির পর মহেন্দ্র সিং ধোনিও জ্বলে ওঠায় ৭ উইকেটে ২৮৮ রানের লড়াই করার মতো সংগ্রহ পেয়ে যায় স্বাগতিক দল। ৫১ রানে অপরাজিত ভারত অধিনায়কের ৪০ বলের ঝড়ো ইনিংসে ছক্কা ৪টি আর চার ৩টি।

৪ উইকেট নিলেও ১০ ওভারে রামপলের খরচ ৬০ রান।

জবাবে ২৩ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে কক্ষপথে ফেরান কাইরন পাওয়েল (৫৯) ও ড্যারেন ব্রাভো (৫০)। তবে দুজনে ১০০ রানের জুটি গড়লেও ১৮৫ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু স্যামি ও লেন্ডল সিমন্সের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। ষষ্ঠ উইকেটে দুজনের ৭৫ বলে ৮২ রানের জুটি অতিথি দলের জয়ের ভিত গড়ে দেয়।

ব্যক্তিগত ৪৯ রানে যুবরাজ সিংয়ের ভুলে ‘জীবন’ ফিরে পাওয়া সিমন্স ৬২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে গেলেও স্যামি দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন।

অবশ্য ৪৯তম ওভারে জেসন হোল্ডার ও সুনীল নারায়ণকে ফিরিয়ে ভারতীয়দের মনে আশা জাগিয়েছিলেন মোহাম্মদ সামি। তবে স্যামিকে ফেরাতে পারেনি ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত স্যামির ৪৫ বলের দারুণ ইনিংসটা সাজানো ৪টি করে চার ও ছক্কায়।

ওয়ানডেতে এটা ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ বৃহত্তম রান তাড়া করে জয়।

বুধবারে কানপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৮৮/৭ (রোহিত ১২, ধাওয়ান ৩৫, কোহলি ৯৯, যুবরাজ ২৮, রায়না ২৩, ধোনি ৫১*, জাদেজা ১০, অশ্বিন ১৯, ভুবনেশ্বর ১*; রামপল ৪/৬০, স্যামি ১/১১, পারমল ১/৫৫, হোল্ডার ১/৬৩)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৩ ওভারে ২৮৯/৮ (চার্লস ১২, পাওয়েল ৫৯, স্যামুয়েলস ৮, ড্যারেন ব্রাভো ৫০, সিমন্স ৬২, ডোয়াইন ব্রাভো ১৮, স্যামি ৬৩*, হোল্ডার ৭, নারায়ণ ০, পারমল ০*; অশ্বিন ২/৩৭, সামি ২/৫৫, ভুবনেশ্বর ২/৫৬, জাদেজা ১/৪৪, মোহিত ১/৪৮)

ম্যাচ সেরা: ড্যারেন স্যামি।