২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসাকাদজার শতকে কলাবাগানের জয়

রোমাঞ্চকর লড়াইয়ে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ৭ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। বিফলে গেছে রবি বোপারার অধিনায়কোচিত শতক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:07 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার শতকে ৭ উইকেটে ৩০৫ রান করে কলাবাগান।

১০১ বলে ১৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২৫ রানের চমৎকার ইনিংস খেলার পথে মার্শাল আইয়ুবের (২৫) সঙ্গে ৬৩ ও আব্দুল মজিদের (৫৪) সঙ্গে ১২৭ রানের ভালো দুটি জুটি উপহার দেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান মাসাকাদজা।

৫৪ রানে ৫ উইকেট নিয়ে রেজাউল করিম প্রাইম ব্যাঙ্কের সেরা বোলার।

জবাবে ৪৯ ওভার ৫ বলে ২৯৮ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাঙ্ক।

মাত্র ১৭ বলে ৩৭ রানের ঝাড়ো ইনিংস খেলে শিহান জয়াসুরিয়া উড়ন্ত সূচনা এনে দেয়ার পর তাইবুর পারভেজের (৭৬) সঙ্গে বোপারার ১৫৯ রানের জুটি প্রাইম ব্যাঙ্ককে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল।

দলীয় ২৩২ রানে পারভেজের বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান বোপারা। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি আউট হয়ে গেলে আর পেরে উঠেনি তারা। ১৩৮ রান করা বোপারার ১৩৩ বলের ইনিংসে ছিল সাতটি করে ছক্কা ও চার।

৫৯ রানে ৫ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার নাজমুল অপু। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়া বাঁহাতি এই স্পিনারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলেও শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে কলাবাগানের। সমান ১৩ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে প্রাইম ব্যাঙ্ক।