২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 01:46 AM

Updated : 23 Aug 2022, 07:20 PM

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচ ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

বেশ কিছু দিন ধরে পাকিস্তানের দুশ্চিন্তার প্রধান কারণ ব্যাটিং। তবে শুক্রবার কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নামা অতিথি দলের জয়ে বড় অবদান অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও উমর আকমলের দুর্দান্ত ব্যাটিং।

দুঃসময়কে পেছনে ফেলার ইঙ্গিত দেয়া হাফিজের ব্যাট থেকে এসেছে ৬৩ রান। ৪১ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৫টি চার ও তিনটি ছক্কায়।

উমর ছিলেন আরো আক্রমণাত্মক। ৩৭ বলে ৬৪ রান করার পথে ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় উইকেটে মাত্র ৫৫ বলে ১০২ রানের জুটি গড়েছেন হাফিজ ও উমর।

জবাবে প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৪৯ রান করলেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

হাশিম আমলা (৪০ বলে ৪৮) ও কুইন্টন ডি ককের (২৪ বলে ২৬) ৭ ওভার ১ বল স্থায়ী ৫৮ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর চাপে পড়ে যায় স্বাগতিক দল।

ডি কককে আউট করে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেয়া শহীদ আফ্রিদি ফিরিয়ে দেন প্রতিপক্ষের অধিনায়ক ফাফ দু প্লেসি এবং ব্যাটিংয়ের অন্যতম ভরসা এবি ডি ভিলিয়ার্সকেও। আর আমলার উইকেট নেন সাঈদ আজমল।

আমলার বিদায়ে ১১৭/৪-এ পরিণত হওয়ার পর দক্ষিণ আফ্রিকানদের মনে আশা জাগিয়েছিলেন জেপি ডুমিনি ও ডেভিড মিলার।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। জুনায়েদ খানের করা ১৯তম ওভারে ১৯ রান নিয়ে শেষ ওভারে প্রয়োজনীয়তা ১৭ রানে নিয়ে আসেন ডুমিনি ও মিলার। কিন্তু সোহেল তানভীর শেষ ওভারে ১০ রানের বেশি দেননি।

২৬ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করে অপরাজিত থেকে যান ডুমিনি। মিলারের ১৩ বলে অপরাজিত ২২ রানের ইনিংসে একটি করে চার ও ছক্কা।

রোববার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচও হবে নিউল্যান্ডসেই।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৬/৪ (জামশেদ ১৯, শেহজাদ ৯, হাফিজ ৬৩, উমর ৬৪, আফ্রিদি ১৩*, মাকসুদ ০*; স্টেইন ২/২৯, ফাঙ্গিসো ১/৩৩, পার্নেল ১/৩৭)

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭০/৪ (আমলা ৪৮, ডি কক ২৬, দু প্লেসি ৬, ডি ভিলিয়ার্স ১৩, ডুমিনি ৪৭*, মিলার ২২*, আফ্রিদি ৩/২৮, আজমল ১/৩০)

ফলাফল: পাকিস্তান ৬ রানে জয়ী

ম্যাচ ও সিরিজ সেরা: মোহাম্মদ হাফিজ।