ক্রিকেট লিগের শীর্ষে গাজী ট্যাঙ্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স এখন এককভাবে শীর্ষে।
প্রত্যেক দলের ১২টি করে ম্যাচ শেষে গাজী ট্যাঙ্কের পয়েন্ট ১৮। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর ও মোহামেডানের সংগ্রহ ১৬ পয়েন্ট করে।
প্রাইম ব্যাঙ্ক (১২ পয়েন্ট) ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির (১১) শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করে প্রাইম ব্যাঙ্ক।
৫৭ রানে ৩ উইকেট নিয়ে আরাফাত সানি গাজী ট্যাঙ্কের সবচেয়ে সফল বোলার। ২৬ উইকেট নিয়ে এখন লিগের সেরা বোলারও এই বাঁহাতি স্পিনার।
জবাবে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ ৪৫ ও ইংল্যান্ডের ওয়েন মর্গান ৩৩ রান করলেও ১২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গাজী ট্যাঙ্ক।
তবে ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটের সঙ্গে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় তাদের।
ম্যাচ সেরা মাহমুদুল্লাহর ৭৯ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুটি ছক্কায়। অন্যদিকে ডেসকাটের ৬০ বলে অপরাজিত ৬৮ রানের আক্রমণাত্মক ইনিংসে দুটো চার থাকলেও ছক্কার সংখ্যা ৬টি।
