২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের শতকে জিতেছে শেখ জামাল

অধিনায়ক মুশফিকুর রহিমের শতকের সুবাদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জশুয়া কবের শতক ৭ উইকেটে ৩০৪ রানের ভালো সংগ্রহ এনে দেয় প্রাইম দোলেশ্বরকে।

চতুর্থ উইকেটে স্বদেশের ডেভিড মালানের (৬১) সঙ্গে ১৩২ রানের জুটি গড়া কবের ১৩০ বলে খেলা ১২৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও পাঁচটি ছক্কা।

শেখ জামালের পক্ষে শ্রীলঙ্কার দিলশান মুনাবীরা ও অস্ট্রেলিয়ার স্টিভেন ক্রুক দুটি করে উইকেট নেন।

জবাবে ৪ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। ৩২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া শেখ জামালকে শেষ পর‌্যন্ত সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব মুশফিক ও ক্রুকের। মুশফিকের মতো ক্রুকও শতক করেন। চতুর্থ উইকেটে ১৮৯ রানের জুটি গড়েন দুজনে। ম্যাচ সেরা মুশফিকের ১১৮ বলে অপরাজিত ১৪৫ রানের অধিনায়কোচিত ইনিংসে ১২টি চার ও পাঁচটি ছক্কা। অন্যদিকে ক্রুক ৮৪ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় ঠিক ১০০ রান করে আউট হয়ে যান। ১২টি করে ম্যাচ খেলা শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট সমান, ১৬।