২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমিত প্যাটেলের নৈপুণ্যে মোহামেডানের জয়

ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই জ্বলে ওঠা সমিত প্যাটেলের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ৭৬ রানে হারিয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার ফতুল্লার খান সাহেব আলী ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৬ রান করে মোহামেডান।

৩৯ রানে ৪ উইকেট হারানোর পর মোহামেডানকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব ইংলিশ অলরাউন্ডার প্যাটেলের।

১২২ বলে ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন তিনি। আসগার স্তানিকজাইয়ের (৩৮) সঙ্গে ৮২ ও মুক্তার আলীর (২৬) সঙ্গে ৫৭ রানের দুটি চমৎকার জুটিও উপহার দেন প্যাটেল। শেষ দিকে মাত্র ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে যান রহমান শাহ। কলাবাগানের পক্ষে বাঁহাতি স্পিনার নাজমুল অপু ৪৬ রানে নেন ৩ উইকেট। জবাবে ৪০ ওভার ১ বলে ১৫০ রানে অলআউট হয়ে যায় নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। সর্বোচ্চ ৫১ রান অভিষেক মিত্রর। বাঁহাতি স্পিনে ২৫ রানে প্যাটেলের শিকার তিনটি। দ্বাদশ ম্যাচে অষ্টম জয় পাওয়া মোহামেডানের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির ১১ পয়েন্ট।