ভারতের সহজ জয়
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করা ভারত প্রথম ওয়ানডেতেও সহজে জিতেছে। ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক দল।
বৃহস্পতিবার কোচির নেহরু স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একদমই ভালো হয়নি।
দিনের দ্বিতীয় বলে ক্রিস গেইল শুধু রান আউটই হননি, পায়ের পেশিতে টান পড়ায় স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
শূন্য রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর জনসন চার্লস ও মারলন স্যামুয়েলসের ৬২ বলে ৬৫ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে ক্যারিবীয়দের সাজঘরে।
৬৫ রানের জুটি হয়েছে আরেকটি, চতুর্থ উইকেটে লেন্ডল সিমন্সের সঙ্গে ডোয়াইন ব্রাভোর। কিন্তু আর কোনো বড় জুটি গড়ে না ওঠায় ৪৮ ওভার ৫ বলে ২১১ রানে অলআউট হয়ে যায় অতিথি দল।
সর্বোচ্চ ৫৯ রান আসে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান চার্লসের।
তিনটি করে উইকেট নেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। এর মধ্যে ৩/৩৪ ওয়ানডেতে রায়নার সেরা বোলিং।
জবাবে দলীয় ১৭ রানে শিখর ধাওয়ানকে হারালেও জয়ের জন্য ভাবতে হয়নি ভারতকে। ছন্দে থাকা দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত ধারাবাহিকতাই তার কারণ। দ্বিতীয় উইকেটে দুজনের ১৩০ বলে ১৩৩ রানের জুটি সহজ জয়ের পথে এগিয়ে দিয়েছে ভারতকে।
ঠিক ১৯ দিন আগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করেছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ অসাধারণ ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে ১৭৭ ও অপরাজিত ১১১ রানের আরো দুটো চমৎকার ইনিংস আসে তার ব্যাট থেকে।
বৃহস্পতিবারও শতক পাওয়ার মতোই খেলছিলেন। কিন্তু ৭২ রান করার পর রবি রামপলকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে সিমন্সকে সহজ ক্যাচ দেন রোহিত। ৮১ বলের ইনিংসটিতে ৮টি চার ও একটি ছক্কা।
শতকের সুযোগ নষ্ট করেছেন কোহলিও। জেসন হোল্ডারকে ছক্কা মেরে ৮৬ রানে পৌঁছানোর পরের বল আবার মারতে গিয়ে সুনীল নারায়ণের হাতে ধরা পড়েছেন তিনি।
অষ্টাদশ শতক না পেলেও ৮৪ বলে ৯টি চার ও দুটি ছক্কাসমৃদ্ধ ইনিংসটি খেলার পথে একটি অর্জন ঠিকই স্পর্শ করেছেন কোহলি। আউট হওয়ার আগের বলে ছক্কা মেরে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।
২৪ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে হবে বিশাখাপত্তনমে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.৫ ওভারে ২১১ (গেইল ০, চার্লস ৪২, স্যামুয়েলস ২৪, ড্যারেন ব্রাভো ৫৯, সিমন্স ২৯, ডিওনারায়ণ ৪, ডোয়াইন ব্রাভো ২৪, স্যামি ৫, হোল্ডার ১৬*, নারায়ণ ০, রামপল ১; রায়না ৩/৩৪, জাদেজা ৩/৩৭, অশ্বিন ২/৪২, সামি ১/২৮)
ভারত: ৩৫.২ ওভারে ২১২/৪ (রোহিত ৭২, ধাওয়ান ৫, কোহলি ৮৬, যুবরাজ ১৬*, রায়না ০, ধোনি ১৩*; হোল্ডার ২/৪৮, রামপল ১/৩৯, নারায়ণ ১/৫৭)
ফলাফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি।
