বোলিং তোপে দুয়োর জবাব ব্রডের
ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়ার দর্শকদের দুয়ো ধ্বনি শুনে নিশ্চয়ই মনে মনে ফুসেছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। জবাটা তিনি বল হাতে দিয়েছেন। তার বোলিং তোপে অ্যাশেজ ধরে রাখার লড়াইয়ে চমৎকার সূচনা করেছে ইংল্যান্ড।
ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া ২৭৩ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে। এর মধ্যে ৫টিই নিয়েছেন ব্রড।
বৃহস্পতিবার গ্যাবা নামেই বেশি পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের ট্রেন্ট ব্রিজ টেস্টে বল ব্যাটের কানায় লাগলেও আম্পায়ার আউট না দেয়ায় 'ওয়াক' না করে অস্ট্রেলিয়া সমর্থকদের রোষানলে পড়েন ব্রড। অস্ট্রেলিয়ায় তখন থেকেই জাতীয় শত্রুতে পরিণত হন এই পেসার।
গ্যাবায় তাই ম্যাচের শুরু থেকেই দুয়ো শুনতে হয়েছে ডানহাতি দীর্ঘদেহী এই পেসারকে। তবে গ্যালারির দর্শকদের মুখ বন্ধ করে দিতে সময় নেননি তিনি। চতুর্থ ওভারেই ক্রিস রজার্সকে বিদায় করে দলকে প্রথম ‘ব্রেক থ্রু’ এনে দেন ব্রড।
এরপর শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার দলকে স্বস্তিকর জায়গায় আনেন। মধ্যাহ্ন-বিরতির আগের শেষ ওভারে ওয়াটসনকে (২২) ফিরিয়ে দিয়ে ৫৯ রানের জুটি ভাঙ্গেন ব্রড। বিরতির পর অধিনায়ক মাইকেল ক্লার্ক (১) ও ওয়ার্নারকেও (৪৯) ফেরান তিনি।
এরপর অভিষিক্ত জর্জ বেইলি মাত্র ৩ রান করেই জেমস অ্যান্ডারসনের আর উইকেটে মানিয়ে নেয়া স্টিভেন স্মিথ (৩১) ক্রিস ট্রেমলেটের শিকার হন।
ভীষণ চাপে পড়া অস্ট্রেলিয়াকে রক্ষা করেন ব্র্যাড হ্যাডিন ও মিচেল জনসন। সপ্তম উইকেটে দু'জনের প্রতিরোধ অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়।
অতিথিদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভাঙার কৃতিত্বও ব্রডেরই। দ্বিতীয় নতুন বলে জনসনকে (৬৪) বোল্ড করে ভাঙ্গেন ১১৪ রানের জুটি।
এরপর পিটার সিডলের দ্রুত বিদায় প্রথম দিনই স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ করা দেয়ার সম্ভাবনা জাগালেও রায়ান হ্যারিসকে নিয়ে ১৩টা বল পার করে দেন হাডিন। ৭টি চার ও ১টি ছক্কায় ৭৮ রানে অপরাজিত আছেন হ্যাডিন।
৬৫ রানে ৫ উইকেট নিয়ে ব্রডই ইংল্যান্ডের সেরা বোলার। এ নিয়ে ১১ বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৭৩/৮ (রজার্স ১, ওয়ার্নার ৪৯, ওয়াটসন ২২, ক্লার্ক ১, স্মিথ ৩১, বেইলি ৩, হ্যাডিন ৭৮*, জনসন ৬৪, সিডল ৭, হ্যারিস ৪*; ব্রড ৫/৬৫, অ্যান্ডারসন ২/৬১, ট্রেমলেট ১/৫১)
