বাংলাদেশে শ্রীলঙ্কার সফরসূচি চূড়ান্ত
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।
দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
২৭ জানুয়ারি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একই ভেন্যুতে ১২ ও ১৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির দু'টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।
এ বছর সব মিলিয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ফলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। আবার বাংলাদেশে কখনোই কোনো টি-টোয়েন্টি না খেলা শ্রীলঙ্কাও 'কন্ডিশনের' সঙ্গে মানিয়ে নেয়ার ভালো সুযোগ পাচ্ছে।
১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
২০ ও ২২ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে শেষ দুটি ওয়ানডে। তিনটি ওয়ানডেই দিবা-রাত্রির।
এই সফরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না অতিথিরা।
পাঁচ বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ সফরে আসছে শ্রীলঙ্কা দল। ২০০৮ সালের ডিসেম্বের সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে এসেছিল তারা।
সেই সফরে সহজেই ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল অতিথিরা। তবে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ২ উইকেটে হেরে হতাশায় পুড়তে হয় বাংলাদেশকে। টুর্নামেন্টে একটি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল স্বাগতিকরা।
গত বছর এশিয়া কাপে বাংলাদেশে শেষ ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা। সেবার তিন ম্যাচেই হেরেছিল শ্রীলঙ্কা।
গত মার্চে শ্রীলঙ্কা সফরে সাফল্য পায় বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র করে অতিথিরা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেন মুশফিকুর রহিম। সেই টেস্টের ৬৩৮ টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় টেস্টে লড়াই করলেও অতিথিরা হেরে যায় ৭ উইকেটে।
তিন ম্যাচের ওয়ানডেও ভালো করেছিল মুশফিক বাহিনী। প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরে গেলেও তৃতীয় ওয়ানডে ৩ উইকেটে জিতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়।
এদিকে সর্বশেষ ঘরোয়া সিরিজেও সফল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই টেস্ট ড্র করার পর ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ।
বাংলাদেশে শ্রীলঙ্কার সফরসূচি:
প্রথম টেস্ট : ২৭ জানুয়ারি থেকে, মিরপুর
দ্বিতীয় টেস্ট: ৪ ফেব্রুয়ারি থেকে, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি: ১২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
প্রথম ওয়ানডে: ১৭ ফেব্রুয়ারি, সিলেট
দ্বিতীয় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, মিরপুর
তৃতীয় ওয়ানডে: ২২ ফেব্রুয়ারি, মিরপুর
