ফরহাদ রেজার নৈপুণ্যে প্রাইম দোলেশ্বরের জয়
অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ড নৈপুণ্যে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫৬ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
লিগের প্রথম পর্বেও এই প্রতিপক্ষের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল এবারের আসরের সবচেয়ে বড় চমক প্রাইম দোলেশ্বর।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে প্রাইম দোলেশ্বর।
সর্বোচ্চ ৪৯ রান উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন ফরহাদ রেজা। এছাড়া দুই ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান ৪০ ও জশুয়া কব ৩৮ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন।
প্রাইম ব্যাংকের পক্ষে অধিনায়ক এনামুল হক জুনিয়র ৫৩ রানে ৩ উইকেট নেন।
জবাবে শিহান জয়াসুরিয়ার ৪৫ রানের পরও ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে প্রাইম ব্যাংক। এরপর মাহমুদুল হাসান (৩৪) ও তাপস বৈশ্য (অপরাজিত ২৫) চেষ্টা করলেও লক্ষ্যের কাছে পৌঁছাতে পারেনি প্রাইম ব্যাঙ্ক।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উজ্জ্বল ফরহাদ রেজা। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। তাই ম্যাচ সেরার পুরস্কারও তারই।
১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রানরেটের পার্থক্যে গাজী ট্যাংকের ঠিক পেছনেই আছে প্রাইম দোলেশ্বর। সমান খেলায় পঞ্চম হারের স্বাদ পাওয়া প্রাইম ব্যাঙ্কের পয়েন্ট ১২।
