২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানকে হারিয়ে গাজী ট্যাংকের প্রতিশোধ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ১৪২ রানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

লিগের প্রথম পর্বে ৯ উইকেটের বড় ব্যবধানে কলাবাগানের কাছে হেরেছিল তারা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৩৭ রানের বিরাট সংগ্রহ দাঁড় করায় গাজী ট্যাঙ্ক।

আফতাব আহমেদের (৫৩) সঙ্গে ইমরুল কায়েসের (৬৪) ১১৪ রানের চমৎকার জুটিতে গাজী ট্যাঙ্কের বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

দলীয় ১২৯ রানে ইমরুলের বিদায়ের পর ইংল্যান্ডের ওয়েন মর্গানও (১১) দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা অস্বস্তিতে পড়ে লিগের শীর্ষ দলটি।

তবে সেই অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৩৮) সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন ম্যাচ সেরা রকিবুল হাসান। ষষ্ঠ উইকেটে নেদারল্যান্ডসের রায়ান টেন ডোসকাটের (২৬ বলে অপরাজিত ৫৪) সঙ্গে ৪৬ বলে ১২৪ রানের অসাধারণ জুটি গড়ে দলকে সাড়ে তিনশ' রানের কাছাকাছি নিয়ে যান রকিবুল হাসান। দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দিলেও দুই রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রকিবুলকে।

৯৮ রানে অপরাজিত রকিবুলের ৬৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি বিশাল ছক্কা।

জবাবে ৪৫ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান করে কলাবাগান। বোলিং করার সময় চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি দেওয়ান সাব্বির।

২৬ রানে হ্যামিল্টন মাসাকাদজা (৭) ও মার্শাল আইয়ুবসহ (৬) প্রথম চার ব্যাটসম্যান সাজঘরের পথ ধরায় ম্যাচের ফলা নিয়ে অনিশ্চয়তা শুরুতেই কেটে যায়।

এরপর সগির হোসেন (অপরাজিত ৭০) ও অধিনায়ক শরীফ উল্লাহর (৫৫) দুটি অর্ধশতক পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল।

৪৫ রানে ৩ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্কের সেরা বোলার আরাফাত সানি। পেসার রুবেল হোসেন ২ উইকেট নেন ১৪ রানে।

১১ খেলায় অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গাজী ট্যাঙ্ক। আর সুপার লিগের প্রথম ম্যাচটি হেরে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা কলাবাগানের শিরোপা স্বপ্ন প্রায় শেষ।