মোহামেডানকে আবার হারিয়েছে শেখ জামাল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে সহজেই ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এর আগে লিগের প্রথম পর্যায়ের ম্যাচে মোহামেডানকে ৬৭ রানে অলআউট করে ২৩৯ রানের বিরাট জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল।
বুধবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।
৪৮ রানে ৬ উইকেট হারানো মোহামেডান দেড়শ' পের হয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কৃতিত্বে। নয় নম্বর ব্যাটসম্যান মাশরাফির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান দশ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর।
৩০ রানের বিনিময়ে মোহামেডানের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনকেই ফিরিয়ে শেখ জামালের সেরা বোলার শুভাশীষ রায়। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া তানভীর হায়দার ২৬ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৩৪ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান জহুরুল ইসলামের।
মোহামেডানের পক্ষে রহমত শাহ ৩৮ রানে ৩ উইকেট নেন।
১১ খেলায় সপ্তম জয়ে শেখ জামালের পয়েন্ট ১৪। সমান খেলায় চতুর্থ হার দেখা মোহামেডানের পয়েন্টও ১৪।
