টেন্ডুলকারের পার্টিতে তারকা মেলা
ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে শচীন টেন্ডুলকারের দেয়া নৈশভোজে ক্রিকেটারদের পাশাপাশি এসেছিলেন বলিউডের নামকরা সব তারকারাও। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে নিয়ে তাদের গর্ববোধের কথাও জানিয়ে দিলেন তারা।
সোমবার রাতে মুম্বাইয়ের আন্ধেরি ইস্টের একটি হোটেলে মিশে গিয়েছিল ক্রিকেট ও বলিউড। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেটাররা তো ছিলেনই; এসেছিলেন সৌরভ গাঙ্গুলি, ব্রায়ান লারা, ভিভিএস লক্ষণ, সুনীল গাভাস্কার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী, আজাহার উদ্দিন ও অনিল কুম্বলেদের মতো সাবেক তারকারাও। এসেছিলেন টেন্ডুলকারের ক্রিকেট-গুরু রমাকান্ত আচরেকারও।
ক্রিকেটের এই মহানায়কের নৈশপার্টিকে আরো জমজমাট করতে এসেছিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, অভিনেতা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, আমির খান, রাহুল বোস, পরিচালক করণ জোহরসহ আরো অনেক বলিউড তারকা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেন্ডুলকারের বিদায়ী টেস্টের দর্শক আমির খানও কথা বলেন 'ক্রিকেট ঈশ্বর'কে নিয়ে।
শচীনের জীবনসঙ্গী অঞ্চলীর সঙ্গে সুর মিলিয়ে আশা ভোঁসলে বললেন, ক্রিকেট ছাড়া শচীনকে ভাবা যায় না।
বিদায়ী টেস্টেই টেন্ডুলকারকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন দেয়ার ঘোষণা এসেছে। সুনীল গাভাস্কার বললেন, “শচীন ভারতরত্ন নয়, বিশ্বরত্ন।”
টেন্ডুলকারের আমন্ত্রণে এসেছিলেন বিসিসিআইয়ের নির্বাচনী কমিটির চেয়ারম্যান সন্দিপ পাতিল, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি, ক্রিকেট দলের পৃষ্ঠপোষক সাহারা গ্রুপের সুব্রত রায়, কেন্দ্রীয়মন্ত্রী শারদ পাওয়ার, রাজ থ্যাকার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথভিরাজ চাভান।
