‘বিদায়ের এটাই ছিল ঠিক সময়’
আগের দিন শেষ বারের মতো ক্রিকেটের পিচটাকে ছুয়ে এসেছেন। ব্যাট হাতে তাকে আর দেখা যাবে না ২২ গজের সীমানায়। এ নিয়ে মনে কি কোনো আফসোস ছিল ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট শেষে অবসর নেয়ার পরদিন সংবাদ সম্মেলনে জানালেন, না, বিদায় বলার এটাই ছিল সঠিক সময়।
টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকা্র পিচের ২২ গজটাকে তুলনা করলেন মন্দিরের সঙ্গে। “ক্রিকেটকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রতিবার যখন ব্যাট করতে গিয়েছি উইকেট স্পর্শ করে আশীর্বাদ নিয়েছি। গতকালও তাই করেছি। জীবনে আমি যা কিছু পেয়েছি তার জন্য ক্রিকেটকে ধন্যবাদ।”
অবসরের সিদ্ধান্তে তাই কোনো আক্ষেপ নেই লিটল মাস্টারের, “ক্রিকেটকে বিদায় বলার এটাই সঠিক সময়।”
সত্যিই ক্রিকেট টেন্ডুলকারকে কম দেয়নি। লম্বা পথচলার পর অধরা ছিল একটাই, ‘বিশ্বকাপ ট্রফি’ । তাও পূরণ হয়ে গেছে ২০১১ সালে। দীর্ঘ প্রতিক্ষার ফল বলেই কিনা, বিশ্ব জয়ের মুহূর্তটাকেই ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে ঘোষণা করলেন তিনি। ভারতের ক্রিকেট ঈশ্বরের সবচেয়ে হতাশার সময়ও এসেছে বিশ্বকাপেই। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালের হার মেনে নিতে এখনো কষ্ট হয় খেলাটির সবচেয়ে তারকার।
আর কখনও ক্রিকেট নয়- কঠিন সত্যটা হয়ত মেনে নিতে পারবেন ৪০ বছর বয়সী টেন্ডুলকার। কিন্তু যে মানুষটার কাছে ক্রিকেট শুধু খেলা নয়, বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রসদ ‘অক্সিজেন’ তার জন্য ব্যাপারটা সহজই বা হয় কিভাবে।
“ক্রিকেটই ছিল আমার জীবন। ৪০ বছরের মধ্যে প্রায় ৩০ বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। যা আমার জীবনের ৭৫ ভাগ।”
আর তাই ক্রিকেটকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারেন না তিনি। তাই অবসরের ২৪ ঘন্টার মাথায়-ই খেলাটার সঙ্গে যুক্ত থাকার কথা বললেন।
“কোনো না কোনো পর্যাসয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবো। হয়তো খুব শিগগির নয়। আমি ২৪ বছর ধরে ক্রিকেট খেলেছি আর মাত্র ২৪ ঘন্টা হয় অবসর নিয়েছি। আমার মনে হয় এই ব্যাপারে মনস্থির করার আগে অন্তত ২৪ দিন বিশ্রাম নেয়া উচিৎ।”
“আমি তরুণ, পরবর্তী প্রজন্মকে সহায়তা করতে পছন্দ করি। আমরা ভাবনাগুলো ভাগ করে নেবো, আর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবো”, যোগ করেন তিনি।
গত তিন বছরে ব্যাট হাতে টেন্ডুলকার সাফল্য পাননি বললেই চলে। ২০১২ ও ২০১৩ সালে তার রানের গড় মাত্র ২৩.৮ ও ৩৪.৫। স্বাভাবিকভাবেই তাই তার অবসর নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। কিন্তু টেন্ডুলকার বারবার বলেছেন- সময় হলেই জানাবেন তিনি।
বিদায়ের পরদিনই সংবাদ সম্মেলনে বললেন সেকথাও,“কোনো সন্দেহ নেই, আমি উপভোগ করছিলাম। সব সময় বলেছি, যেদিন অবসর নেয়ার কথা অনুভব করবো, আপনাদের জানাবো। ২৪ বছরে অনেকবার চোটে পড়েছি সেসব থেকে ফিরে আসা সহজ ছিল না। এমন একটা অবস্থায় আপনি পৌছবেন যখন আপনার শরীর আপনাকে জানাবে, যথেষ্ট হয়েছে। শরীরের এখন বিশ্রাম প্রয়োজন। ধারাবাহিকভাবে এতটা চাপ শরীর আর নিতে পারছে না।”
এতদিনের চিরচেনা ব্যাট-বলের পরিবেশ থেকে বিদায়ের পরবর্তী সকালটা কেমন গেলো তার। সাংবাদিকদের এমন প্রশ্নে টেন্ডুলকারের জবাব ছিল- “দেহঘড়ির নিয়ম মেনে সকাল ৬.৫০ মিনিটে ঘুম থেকে উঠি। হঠাৎ করেই আমি বুঝতে পারি তাড়াহুড়ো করে গোসল করে ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার কোনো দরকার নেই। নিজের জন্য চা বানিয়ে স্ত্রীর (অঞ্জলি) সঙ্গে নাস্তা করেছি। অনেকে আমাকে শুভকামনা জানিয়েছে, তাদের ধন্যবাদ জানাতে অনেকটা সময় ব্যয় করলাম। সকালটা ধীরে সুস্থে কেটেছে আর এখন আমি আপনাদের সামনে।”
শেষটা ঘরের মাটিতে হওয়ায় আনন্দিত টেন্ডুলকার। তার ইচ্ছাতেই মুলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়েকে বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কেন ওয়াংখেড়ে, জানালেন সে কথাও।
মাকে ‘সারপ্রাইজ’ দেওয়ার প্রয়াসে শেষ ম্যাচটা মুম্বাইতে আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ জানানোর কথা বলে টেন্ডুলকার বলেন, “আমার মা একটা বলও আমাকে সরাসরি খেলতে দেখেনি। তাই তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তিনি আমার শেষ ইনিংস দেখে খুবই খুশি।”
