টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু
প্রবল চাহিদার মধ্যে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হয়েছে।
এনসিসি ও অগ্রণী ব্যাংকের ৯২টি ‘মানিগ্রাম আউটলেট’ থেকে সকাল দশটায় টিকেট বিক্রি শুরু হয়। তবে অনেক শাখাতেই টিকেট প্রত্যাশীদের লম্বা সারি তৈরি হয়েছিল শুক্রবার সকাল থেকেই।
রোববার সকালে সারির শুরু থেকে প্রথম ৫০ জনকে টোকেন দেয়া হয়। তারাই কেবল ব্যাংকে ঢুকে টিকিট কেনার সুযোগ পায়। বাকিদের আবার অপেক্ষায় থাকতে হবে পরের দিনের। বেশিরভাগকেই তাই ফিরতে দেখা গেছে হতাশা নিয়ে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক না হলেও স্বাগতিকদের সম্ভাব্য ম্যাচের টিকেট নিয়েই মানুষের মধ্যে প্রবল আগ্রহ।
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক কর্মকর্তারা জানান, টিকেট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হয়। এক জন সর্বোচ্চ ১০টি টিকেট কিনতে পারবেন, তবে এক ম্যাচের টিকিট সর্বোচ্চ পাওয়া যাবে ৪টি।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অনলাইনেও টিকেট কেনা যাবে।
তবে এখনও সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রি করা হচ্ছে না।
চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। ছেলে ও মেয়েদের চারটি সেমি-ফাইনাল ও দুটি ফাইনাল হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সেমি-ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের বিক্রি শুরু হবে ৫০ টাকা থেকে, সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা।
ঢাকায় সেমি-ফাইনালে টিকেট কেনা যাবে সবচেয়ে কম ১০০ টাকায়, সর্বোচ্চ মূল্য ৩ হাজার টাকা।
ফাইনালের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, আর সর্বোচ্চ ৪০০০ টাকা।
মেয়েদের বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে বিনামূল্যেই। সিলেটে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য স্টেডিয়ামের ফটক খোলা থাকবে। আর ছেলেদের সেমি-ফাইনাল ও ফাইনালের আগে একই দিন ভেন্যুতে হবে মেয়েদের ম্যাচগুলো। তাই ছেলেদের ম্যাচের টিকেট দিয়েই মেয়েদের ম্যাচটি দেখতে পারবে দর্শকেরা।
