শেষ টেস্টে টেন্ডুলকারের যত ‘উপহার’
শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্টের কারণে সারা পৃথিবীর ক্রিকেট অনুসারীদের দৃষ্টি এখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে। ‘ঘরের ছেলে’কে যোগ্য সম্মান দিয়ে বিদায় জানাতে মুম্বাইয়েরও কোনো কার্পণ্য নেই। বরং ব্যাটিং-কিংবদন্তিকে নানা উপহারে ভরিয়ে তুলতে উদগ্রীব ভারতের ক্রিকেট-কর্তারা। সাধারণ মানুষের প্রাণঢালা ভালবাসা তো আছেই।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকারের ২০০তম টেস্ট শুরু হওয়ার অনেক আগ থেকেই ‘শচীন’, ‘শচীন’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে ওয়াংখেড়ে। মাঠে আসার পথে ভক্তদের ভালোবাসা তো ছিলই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে টেন্ডুলকারকে তার একটি বিশাল প্রতিকৃতি এবং একটি স্মারক ট্রফি দেয়া হয়। তাকে নিয়ে প্রকাশ করা দুটো ডাকটিকেটের বিশাল সংস্করণও বাধাই করে উপহার দেয়া হয়।
ভারতীয় দলের পক্ষ থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ‘২০০’ লেখা একটি বিশেষ টুপি উপহার দেন ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে। যদিও মাঠে নামার সময় এই টুপির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন টেন্ডুলকার। তবে একজন মনে করিয়ে দেয়ায় সেই টুপি পড়েই জীবনের শেষ ম্যাচ খেলতে নামেন তিনি।
উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। সব সদস্যের সাক্ষর করা একটি দলীয় জার্সি টেন্ডুলকারকে উপহার দিয়েছে তারা।
মুম্বাই টেস্টে টস হয়েছে একটি বিশেষ মুদ্রা দিয়ে। সোনার তৈরি মুদ্রাটির এক পিঠে ছিল টেন্ডুলকারের ছবি এবং নিচে লেখা ছিল ‘এসআরটি-২০০’।
খেলোয়াড় ও ধারাভাষ্যকারদের শার্টে বিসিসিআইয়ের লোগোর নিচে ‘শচীন টেন্ডুলকারের ২০০’ লেখাও খোদাই করে দেয়া হয়। বিদায়ী টেস্টে টেন্ডুলকারের সম্মানেই বোর্ডের এই নিয়মভঙ্গ।
