দক্ষিণ আফ্রিকার সহজ জয়
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ৯৮ রানের মামুলি সংগ্রহ গড়তে পারে পাকিস্তান।
ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবের তোপে ৪ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক দল। শহীদ আফ্রিদিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েও কোনো লাভ হয়নি। ওয়ানডের দ্রুততম শতকের মালিকের অবদান ১০ রান।
সপ্তম ওভারে ২১ রানে চতুর্থ ও দশম ওভারে ৪১ রানে পঞ্চম উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে আরো বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন উমর আকমল। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে, একা লড়াই করে ৪৯ রান করেছেন তিনি। ৪১ বলের ইনিংসটিতে ৪টি চার ও একটি ছক্কা।
৪ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে শোয়েব মাকসুদ, মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমলের উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার স্টেইন। পরে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই ফাস্ট বোলারের হাতে।
দুটি করে উইকেট বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার সোতসোবে ও লেগস্পিনার ইমরান তাহিরের। এর মধ্যে সোতসোবে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন।
জবাবে ১৪ ওভার ৩ বলে শুধু হাশিম আমলার (১৩) উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অতিথি দলকে সহজ জয় এনে দেন কুইন্টন ডি কক ও ফাফ দু প্লেসি।
৪৮ রানে অপরাজিত ডি ককের ৩৮ বলের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা। ৪টি চার ও একটি ছক্কায় ৪০ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে যান দু প্লেসি।
শুক্রবার একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ৯৮/৯ (শেহজাদ ০, মাকসুদ ৪, আফ্রিদি ১০, হাফিজ ০, মালিক ১২, উমর আকমল ৪৯, রাজ্জাক ১০, তানভীর ০, রেহমান ৭*, আজমল ০; স্টেইন ৩/১৫, সোতসোবে ২/৯, তাহির ২/১৭, ম্যাকলারেন ১/২৯)
দক্ষিণ আফ্রিকা: ১৪.৩ ওভারে ৯৯/১ (আমলা ১৩, ডি কক ৪৮*, দু প্লেসি ৩৭*; তানভীর ১/২১)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: ডেল স্টেইন।
