ভারতীয় দলে নবাগত কুলকার্নি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এই দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ধাওয়াল কুলকার্নি।
ওয়ানডে তিনটি হবে ২১, ২৪ ও ২৭ নভেম্বর কোচি, বিশাখাপত্তনম ও কানপুরে।
কাঁধের চোটের কারণে চলমান দুই টেস্টের সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে দলে রাখা হয়েছে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
তবে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জ্বলে উঠতে ব্যর্থ দুই পেসার ইশান্ত শর্মা ও বিনয় কুমার বাদ পড়েছেন। ইশান্ত তিন ম্যাচে দুটি এবং পাঁচ ম্যাচ খেলা বিনয়ও দুই উইকেট নেন ঐ সিরিজে।
ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আম্বাতি রাইডু, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি ও মোহিত শর্মা।
