২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার ভক্তদের জন্য টিকেট সীমিত

শচীন টেন্ডুলকারের ভক্তদের জন্য হতাশার খবর- প্রিয় তারকাকে মাঠে বসে বিদায় জানানোর ইচ্ছা পূরণে বাধার সৃষ্টি করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। মুম্বাইয়ে শুরু হতে যাওয়া টেন্ডুলকারের বিদায়ী টেস্টে সাধারণ দর্শকদের জন্য এখন পর্যন্ত মাত্র সাড়ে চার হাজারের মতো টিকেট দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

এনডিটিভি জানায়, অনলাইনে প্রথমভাগে ছাড়া হয়েছে মাত্র তিন হাজার টিকেট। ৫০০, এক হাজার ও আড়াই হাজার রুপি মুল্যের তিন ক্যাটাগরির টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে। আর ১০ হাজার রুপি মুল্যের দেড় হাজার বিশেষ টিকেট পরে দেয়া হবে।

১৪ নভেম্বর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর এই ম্যাচ খেলেই প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কীর্তি গড়ে ক্যারিয়ারের ইতি টানবেন ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার।

ওয়াংখের স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩২ হাজার। প্রিয় তারকার বিদায় বেলার সাক্ষ্মী হতে ইচ্ছুক ক্রিকেট পাগল শত কোটি মানুষের জন্যে এই আসন সংখ্যা অতি সীমিত। তার ওপর আবার এমসিএ -এর টিকেট বিষয়ক এই সিদ্ধান্ত রীতিমত ক্ষুব্ধ করে তুলেছে দর্শকদের।  

টিকেটের আশায় সোমবার প্রায় পাঁচ হাজার মানুষ জমা হয় ওয়াংখেড় স্টেডিয়ামে অবস্থিত এমসিএ কার্যালয়ে। কিন্তু তাদের জানানো হয় টিকেট দেয়া হবে অনলাইনে।

আর এক সঙ্গে হাজারো মানুষ অনলাইনে টিকেট কেনার চেষ্টা করলে নির্দিষ্ট ওয়েবসাইটটিও বন্ধ হয়ে যায়।