২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল: অভিযুক্তদের আপিল শুনানি শিগগিরি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেলের প্রথম সভা হয়েছে শনিবার। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপিএলে ম্যাচ পাতানোয় অভিযুক্তদের আপিল শুনানির জন্য শিগগিরি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:39 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

১১ সদস্যের প্যানেলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ।

কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সাবেক বিচারপতি শেখ রিজওয়ান আলী, সাবেক জেলা ও সেশন বিচারপতি এস কে এম আনিসুর রহমান খান, আজমামুল হোসেন কিউসি, ব্যারিস্টার নিহাদ কবীর, কবি নির্মলেন্দু গুণ এবং চার সাবেক ক্রিকেটার শাকিল কাসেম, ফখরুল আহসান, মাহমুদুল হাসান সাজু ও মাহবুব হোসেন নান্টু।

গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের পর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযুক্ত প্রত্যেকেই বিপিএলে টানা দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। তারা হলেন দলটির মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং পাঁচ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেন এবং ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি।