২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথমে কুইন্টন ডি ককের শতক, তারপর ডেল স্টেইনের দুর্দান্ত বোলিং। এ দুয়ের যোগফলে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ২৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 01:55 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

পাঁচ ম্যাচের সিরিজে অতিথি দল এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। পঞ্চম ও শেষ ম্যাচ হবে ১১ নভেম্বর, শারজায়।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডি ককের প্রথম ওয়ানডে শতকের ওপরে ভর করে ৫ উইকেটে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা।

হাশিম আমলার (৪৬) সঙ্গে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়া ডি ককের ব্যাট থেকে আসে ১১২ রান। ১৩৫ বলের ইনিংসটি সাজানো ৯টি চার ও একটি ছক্কায়।

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও ৪৪তম ওভারে ৫ উইকেটে ২১৪ রানে পরিণত হয়ে দক্ষিণ আফ্রিকা বেশ অস্বস্তিতে পড়ে যায়।

তবে জেপি ডুমিনি (২১ বলে অপরাজিত ২৫) ও রায়ান ম্যাকলারেনের (২১ বলে অপরাজিত ২৮) আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় অতিথি দলকে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে মাত্র ৩৮ বলে ৫২ রানের জুটি গড়েন দুজনে।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও জুনায়েদ খান।

জবাবে ৪৯ ওভার ২ বলে ২৩৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

আহমেদ শেহজাদ (৪৩) ও হাফিজ (৩৩) ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়লেও ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক দল। আস্কিং রান রেটও বেড়ে যাচ্ছিল একটু-একটু করে।

৮৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিষিক্ত শোহাইব মাকসুদ। দুজনের ৯৩ বলে ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকাকে দুশ্চিন্তায় ফেলে দেয়া জুটিটা ভাঙ্গেন স্টেইন। মিড অফে এবি ডি ভিলিয়ার্সের দারুণ এক ক্যাচে পরিণত হওয়ার আগে ৫৬ রান করেন মাকসুদ। ৫৪ বলের দারুণ ইনিংসটিতে ৬টি চার ও দুটি ছক্কা।

মাকসুদ ফিরে যাওয়ার পর শুরু হয় মিসবাহর আক্রমণ। মাকসুদ আউট হওয়ার সময় পাকিস্তান অধিনায়কের ৪৫ বলে ৩৫ রান ছিল। তবে এরপর ৩১ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন উমর আকমল।

কিন্তু স্টেইনের করা ৪৭তম ওভারে ‘চুরমার’ হয়ে যায় পাকিস্তান। ঐ ওভারের প্রথম বলে উমরকে (২২) ডিপ থার্ডম্যানে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন মর্নে মরকেল।

চতুর্থ বল ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েন মিসবাহ। তার ৭৬ বলে ৬৫ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা।

সেই ওভারের শেষ বলে আজমলও বোল্ড। পাকিস্তান তাই ৫ উইকেটে ২২৮ থেকে কয়েক মিনিটের মধ্যেই পরিণত হয় ৮ উইকেটে ২৩১ রানে।

তবু মিসবাহর দলের শেষ ভরসা হয়ে ছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু ওয়ানডের দ্রুততম শতকের মালিক রান আউট হয়ে গেলে জয়োৎসব শুরু করে দেয় দক্ষিণ আফ্রিকা।

১০ ওভার বল করে মাত্র ২৫ রানে ৫ উইকেট নিয়ে স্টেইন ম্যাচের সেরা খেলোয়াড়। ওয়ানডেতে এই ফাস্ট বোলারের এটাই সেরা বোলিং। আগের সেরা বোলিং ছিল ২০১১ সালে নাগপুরে, ভারতের বিপক্ষে ৫/৫০।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা
: ৫০ ওভারে ২৬৬/৫ (ডি কক ১১২, আমলা ৪৬, দু প্লেসি ১০, ডি ভিলিয়ার্স ৩০, মিলার ৫, ডুমিনি ২৫*, ম্যাকলারেন ২৮*; হাফিজ ২/৩৪, জুনায়েদ ২/৪২, ইরফান ১/৫১)

পাকিস্তান: ৪৯.২ ওভারে ২৩৮ (শেহজাদ ৪৩, হাফিজ ৩৩, মাকসুদ ৫৬, শফিক ১, মিসবাহ ৬৫, তানভীর ১, উমর আকমল ২২, আফ্রিদি ৩, আজমল ০, ইরফান ২*, জুনায়েদ ৪; স্টেইন ৫/২৫, সোতসোবে ১/৪৯, তাহির ১/৫১, ম্যাকলারেন ১/৫৯)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ২৮ রানে জয়ী

ম্যাচ সেরা
: ডেল স্টেইন।