২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার ভালবাসায় সিক্ত টেন্ডুলকার

ইডেন গার্ডেন্সে আর কখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে না তাকে। প্রথম টেস্ট শেষ হওয়ার পর তাই শচীন টেন্ডুলকারের হাতে উপহারের ডালি তুলে দিয়ে তাকে বিদায় জানিয়েছে কলকাতার মানুষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 08:12 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ভিন্ন রঙে রাঙিয়ে প্রথমে টেন্ডুলকারকে উত্তরীয় পরিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর নিজের আঁকা একটি ছবিও উপহার দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী।

এরপর দৃশ্যপটে আসেন টেন্ডুলকারের দীর্ঘ দিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু সৌরভ গাঙ্গুলী। কলকাতা ও পশ্চিমবঙ্গে আকাশচুম্বী জনপ্রিয় সৌরভ প্রিয় বন্ধুর মাথায় পরিয়ে দেন একটি কারুকার্যময় পাগড়ি। ইডেন তখন তুমুল চিৎকার আর করতালিতে মুখরিত।

এটা তার ১৯৯তম টেস্ট। তাই ১৯৯টি স্বর্ণপাতা দিয়ে তৈরি একটি বট গাছ ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের হাতে তুলে দেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি জগমোহন ডালমিয়া।

কলকাতা টেস্টে যে স্বর্ণমুদ্রা দিয়ে টস করা হয়েছে, সেটাও উপহার দেয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ১০০টি শতক করা ব্যাটসম্যানকে। এই মুদ্রার এক পিঠে টেন্ডুলকারের মুখ খোদাই করা।

সব শেষে ওয়ানডে ও টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী মা দুর্গার একটি মূর্তি উপহার দেন কলকাতার পুলিশ কমিশনার সুরঞ্জিত কর পুরকায়স্থ।

শুক্রবার তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি টেন্ডুলকারের। তাই প্রথম ইনিংসে করা ১০ রানই ইডেন গার্ডেন্সে তার শেষ ইনিংস হয়ে থাকলো। কলকাতায় এক ইনিংস ও ৫১ রানে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ভারত।