রোহিত-অশ্বিনের ব্যাটে ভারতের স্বস্তি
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ১৯৯তম টেস্ট খেলতে নামা শচীন টেন্ডুলকার মাত্র ১০ রান করে আউট হলেও কলকাতায় প্রথম টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে।
অভিষিক্ত রোহিত শর্মার অপরাজিত ১২৭ ও রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৯২ রানের দুটো দারুণ ইনিংসের সুবাদে দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। ৪ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে ১২০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৩৪ রানে গুটিয়ে দিয়ে বিনা উইকেটে ৩৭ রান নিয়ে প্রথম দিন শেষ করা ভারতীয় দলের সদস্যরা বোধহয় কল্পনাও করতে পারেননি বৃহস্পতিবার তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে! তা-ও আবার অফস্পিনার শেন শিলিংফোর্ডের বলে।
দিনের তৃতীয় ওভারে শিখর ধাওয়ানকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ এনে দেন শিলিংফোর্ড। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়কেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।
বিজয়ের আউটের পর অবশ্য হতাশা প্রকাশ নয়, হর্ষধ্বনিতে ফেটে পড়েছে ইডেন গার্ডেন্স। জীবনের শেষ টেস্টের আগের টেস্ট খেলতে নামা টেন্ডুলকারকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে গ্যালারিভরা মানুষ।
শিলিংফোর্ডের এক ওভারে দুটো চার মেরে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু নিজের পরের ওভারেই ‘প্রতিশোধ’ নিয়ে নেন দীর্ঘদেহী অফস্পিনার।
ভারত সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করেছিলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাক। সাকলায়েনের ‘দুসরা’য় বিভ্রান্ত হয়ে কয়েকবার উইকেট দিতে হয়েছে টেন্ডুলকারকে। এবার এই ব্যাটিং-কিংবদন্তি সাকলায়েনের ‘শিষ্য’র শিকার।
শিলিংফোর্ডের ‘দুসরা’ বুঝতে পারেননি টেন্ডুলকার। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন, কিন্তু বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত করে পেছনের পায়ে। সঙ্গে-সঙ্গে আবেদন এবং আম্পায়ার নাইজেল লংয়ের আঙুল উত্তোলন।
যদিও টিভি রিপ্লে দেখে মনে হয়েছে বল স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যেতো। আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) থাকলে হয়তো বেঁচে যেতেন টেন্ডুলকার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের একগুঁয়েমির কারণে আজো ভারতের খেলায় ডিআরএস ব্রাত্য।
মাত্র কয়েক মিনিট আগে তুমুল চিৎকার আর হর্ষধ্বনির মধ্যে ব্যাট করতে নামা টেন্ডুলকার যখন ফিরছেন, ইডেনে পিনপতন নিস্তব্ধতা।
টেন্ডুলকারের বিদায়ের আগের ওভারে চেতেশ্বর পুজারাকে কট বিহাইন্ড করেন অভিষিক্ত বাঁহাতি পেসার শেলডন কট্রেল। দারুণ ছন্দে থাকা বিরাট কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র তিন রান করে তিনিও শিলিংফোর্ডের শিকার। বিনা উইকেটে ৪২ থেকে ৫ উইকেটে ৮৩ রানে পরিণত ভারত তখন ভীষণ বিপদে।
এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রোহিত। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের অবদান ৭৩ রান।
ধোনিকে (৪২) দীনেশ রামদিনের গ্লাভসবন্দী করে এই জুটি ভাঙ্গেন পেসার টিনো বেস্ট। বৃহস্পতিবারের ইডেনে এটাই শেষ সুখস্মৃতি ওয়েস্ট ইন্ডিজের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র পাঁচ দিন আগে ওয়ানডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করা রোহিত ও অশ্বিন দিনের বাকি প্রায় ৫১ ওভারে ভারতের কোনো ক্ষতি হতে দেননি।
২০০৭ সালের জুনে ওয়ানডে অভিষেক হলেও টেস্টে কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না রোহিত। অবশেষে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই টেস্ট অভিষেক হলো এই ডানহাতি ব্যাটসম্যানের। টেস্ট অভিষেকের আগে সবচেয়ে বেশি (১০৮টি) ওয়ানডে খেলার ‘কৃতিত্ব’ এখন তারই।
শুরু থেকে আস্থার সঙ্গে খেলা রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অশ্বিন। ক্যারিবীয়দের হতাশ করে সপ্তম উইকেটে ১৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে।
রোহিতের ২২৮ বলের দারুণ ইনিংসটা সাজানো ১৬টি চার ও শিলিংফোর্ডকে স্টেপ আউট করে মিডউইকেট দিয়ে মারা ছক্কায়।
দ্বিতীয় শতক থেকে ৮ রান দূরে থাকা অশ্বিনের ১৪৮ বলের ইনিংসে ১০টি চার। ২০১১ সালের নভেম্বরে মুম্বাইয়ে জীবনের প্রথম টেস্ট শতক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই করেছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৩৪ (স্যামুয়েলস ৬৫, চন্দরপল ৩৬; সামি ৪/৭১)
ভারত প্রথম ইনিংস: ৩৫৪/৬ (ধাওয়ান ২৩, বিজয় ২৬, পুজারা ১৭, টেন্ডুলকার ১০, কোহলি ৩, রোহিত ১২৭*, ধোনি ৪২, অশ্বিন ৯২*; শিলিংফোর্ড ৪/১৩০, বেস্ট ১/৫৩, কট্রেল ১/৫৩)।
