টি-টোয়েন্টি পানে চেয়ে নিউ জিল্যান্ড
বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে ওয়ানডে সিরিজ হেরে ভীষণ হতাশ হলেও একমাত্র টি-টোয়েন্টি জয়ের ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মানরো।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে নিউ জিল্যান্ডের।
সোমবার হোটেল সোনারগাঁওয়ে মানরো সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কা সফরের আগে এ ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় তার দল।
“শ্রীলঙ্কা সফরের আগে আমরা একটি জয় চাই। ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যাওয়া খুব হতাশাজনক। এমন একটি ফলাফল আমাদের কারোরই প্রত্যাশিত নয়। যা হয়ে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই, আমরা জয় দিয়ে শেষ করতে চাই।”
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কখনো খেলেনি বাংলাদেশ। ২০১০ সালে হ্যামিল্টনে সফরের একমাত্র টি-টোয়েন্টিতে মাত্র ৭৮ রানে অলআউট হওয়া বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে লজ্জায় ডুবিয়েছিল স্বাগতিকরা।
আর গত বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের শতকে ১৯১ রান করা নিউ জিল্যান্ড জিতেছিল ৫৯ রানে।
ফতুল্লায় ৮৫ রানের চমৎকার ইনিংস খেলা মানরো বলেন, “আমাদের দলটি তরুণ, শেখার প্রক্রিয়ার মধ্যে আছে। ভবিষ্যতে আমরা খুব ভালো দল হিসেবে গড়ে উঠবো। শেষ ম্যাচে রস টেইলর শতক পেয়েছেন। একটু দেরিতে হলেও তিনি রান পেয়েছেন। এটা দলের জন্য ইতিবাচক।”
ফতুল্লার দর্শকরাও মুগ্ধ করেছেন মানরোকে, “বাংলাদেশ দল বিপুল সমর্থন পায়। শুরু থেকেই গ্যালারিভর্তি দর্শকরা ওদের উৎসাহ দিয়েছে। তাদের দিক থেকে ভালো খেলার একটা চাপও থাকে; সেটাই হয়তো বাংলাদেশকে আরো ভালো খেলতে উদ্বুব্ধ করে।”
