ফতুল্লায় প্রেসবক্সে সাংবাদিকদের অসন্তোষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম কতটা প্রস্তুত তারই পরীক্ষা ছিল বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেটি। মাঠ তাতে উৎরে গেলেও সমস্যায় পড়তে হয়েছে ম্যাচটি কাভার করতে আসা সাংবাদিকদের।
ম্যাচের শুরুর দিকে বসার ব্যবস্থা ছাড়া আর কোনো সুবিধা না পেয়ে বাধ্য হয়ে মিনিট ত্রিশেক ‘ধর্মঘট’ করতে হল সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের।
সাংবাদিকরা অভিযোগ করেন, দোতালার প্রেস বক্সের এসি কাজ করছে না। গরম কমানোর জন্য কোনো ফ্যানেরও ব্যবস্থা করা হয়নি। প্রেস বক্সে দায়িত্বে থাকা কর্মীরা অন্যান্য সমস্যার ব্যাপারে কর্ণপাত করছেন না।
শেষে প্রেস বক্সের বাইরে মেঝেতে বসে প্রতিবাদ জানান বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা।
এই ভেন্যুটি বেশ ক’বার পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল। তাদের সবুজ সঙ্কেত পাওয়া ভেন্যুটির নানা সমস্যা রয়েছে বলে স্বীকারই করে নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস। সমস্যাটুকু মেনে নিয়েই এবারের মতো ম্যাচটি কাভার করার কথা বলে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, “এসি কাজ করছে না ব্যাপারটি আমরা জেনেছি। অনেক বক্সেরও এসি কাজ করছে না। এই ভেন্যুতে অনেকদিন খেলা হয়নি। খেলা হয়েছে বলে সমস্যাগুলো চিহ্নিত করা গেছে।”
এরপর থেকে কোথাও খেলা হলে আনুষাঙ্গিক সব ঠিক আছে কি না তা পরীক্ষা করে নেয়া হবে বলে জালাল প্রতিশ্রুতি দিলে প্রেসবক্সে ফেরেন সাংবাদিকরা। এসির বিকল্প হিসেবে তখন বেশ কয়েকটি টেবিল ফ্যানেরও ব্যবস্থা করা হয়।
