২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের দ্বিশতকে সিরিজ ভারতের

শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের পর ওয়ানডেতে তৃতীয় দ্বিশতক করেছেন রোহিত শর্মা। তার ২০৯ রানের সুবাদে সপ্তম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫৭ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 06:27 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

সিরিজের দুটো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

আর ১১ রান করলেই ওয়ানডেতে শেবাগের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙ্গে দিতেন রোহিত। ২০১১ সালের ডিসেম্বরে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করে রেকর্ডটা গড়েছিলেন শেবাগ।

ওয়ানডেতে প্রথম দ্বিশতক টেন্ডুলকারের। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অসাধারণ মাইলফলক ছোঁয়ার পথে ২০০ রানে অপরাজিত ছিলেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।

তবে একটি রেকর্ড ঠিকই গড়েছেন রোহিত। এক ম্যাচে সবচেয়ে বেশি ১৬টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের অধিকারে। ২০১১ সালের এপ্রিলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছিলেন ওয়াটসন।

রোহিতের ১৬ ছক্কা ও ১২ চার সমৃদ্ধ মাত্র ১৫৮ বলের অসাধারণ ইনিংসের সুবাদে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৮৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে ভারত।

রোহিতের সঙ্গে শিখর ধাওয়ানের (৬০) ১৯ ওভার স্থায়ী ১১২ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর দারুণ ছন্দে থাকা বিরাট কোহলির দুর্ভাগ্যজনক রান আউট থমকে দেয় স্বাগতিকদের।

পরের দুই ব্যাটসম্যান সুরেশ রায়না (২৮) ও যুবরাজ সিং (১২) বেশি দূর যেতে না পারায় ৩৪তম ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২০৭/৪।

তবে রোহিতের সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মাত্র ৯৪ বলে ১৬৭ রানের জুটি বড় সংগ্রহ এনে দেয় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।

৩৮ বলে ৭ চার ও দুই ছক্কায় ৬২ রান করেন ধোনি।

রোহিত ও ধোনির তাণ্ডবে শেষ ১০ ওভারে ১৫১ ও শেষ ৫ ওভারে ১০০ রান পেয়েছে ভারত।

জবাবে শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়ে তোলে অস্ট্রেলিয়া। মাত্র ২২ বলে ওয়াটসনের ব্যাট থেকে আসে ৬টি ছক্কা ও দুটি চারসহ ৪৯ রান। ২২ বলই খেলা ম্যাক্সওয়েলের অবদান ৭টি ছক্কা ও তিনটি চারে ৬০ রান।

এই দুজনের পর প্রায় একাই দলকে টেনে নিয়ে গেছেন ফকনার। প্রথম ওয়ানডে শতকের দেখা পেয়েছেন মাত্র ৫৭ বলে।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে এটাই দ্রুততম শতক। আগের রেকর্ড ছিল ম্যাথু হেইডেনের। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৬ বলে শতক করেছিলেন তিনি।

২১১ রানে ৮ উইকেট ফেলে দিয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু এরপরই ক্লিন্ট ম্যাকাইকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান ফকনার।

নবম উইকেটে মাত্র ৮৯ বলে ১১৫ রানের জুটি গড়েন দুজনে। যেখানে ম্যাকাইয়ের অবদান মাত্র ১৮ রান।

ম্যাকাইকে বোল্ড করে রবীন্দ্র জাদেজা যখন জুটিটা ভাঙ্গেন তখন অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩০ বলে ৫৮ রান।

ফকনার দলকে জয় এনে দিতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ফকনারের ৭৩ বলে ১১৬ রানের দারুণ ইনিংসে ছক্কা ৬টি, আর চার ১১টি।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন জাদেজা ও মোহাম্মদ সামি।

সংক্ষিপ্ত স্কোর
:

ভারত
: ৫০ ওভারে ৩৮৩/৬ (রোহিত ২০৯, ধাওয়ান ৬০, কোহলি ০, রায়না ২৮, যুবরাজ ১২, ধোনি ৬২, জাদেজা ০*; ডোহার্টি ২/৭৪, ফকনার ১/৭৫, ম্যাকাই ১/৮৯)

অস্ট্রেলিয়া: ৪৫.১ ওভারে ৩২৬ (ফিঞ্চ ৫, হিউজ ২৩, হ্যাডিন ৪০, বেইলি ৪, ভোগেস ৪, ম্যাক্সওয়েল ৬০, ফকনার ১১৬, ওয়াটসন ৪৯, কোল্টার-নাইল ৩, ম্যাকাই ১৮, ডোহার্টি ০*; সামি ৩/৫২, জাদেজা ৩/৭৩, অশ্বিন ২/৫১, বিনয় ১/১০২)