২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হারানো নিউ জিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর আশা

বাংলাদেশ সফরে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারানোর শঙ্কার সামনে দাঁড়ানো নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদ। পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলছেন না অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার সকাল সোয়া নয়টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

আগের দিন শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে রস টেইলর বলেন, “পিঠের ব্যথার কারণে তৃতীয় ম্যাচে খেলা হবে না ব্রেন্ডনের। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন কাইল মিলস।”

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়ে এর আগে সিরিজ শেষ হয়ে গিয়েছিল সহ-অধিনায়ক কেন উইলিয়ামসনেরও।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও তৃতীয় ম্যাচে আর হতাশ হতে চায় না অতিথিরা।

“প্রথম দুই ম্যাচে হেরে আমরা হতাশ। তবে ৩-০ ব্যবধানে সিরিজ হারের চেয়ে ২-১ সিরিজ হার অনেক ভালো। আমরা শেষ ম্যাচটি জিততে চাই।”

বাংলাদেশের প্রশংসা করে নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, “ঘরের মাঠে বাংলাদেশ সমীহ করার মতোই দল। ওরা খুব ভালো খেলেই জিতেছে।”
তবে সিরিজ হারার জন্য নিজেদের ব্যর্থতাকেও দায়ী করলেন টেইলর।

“আমরা তিন বিভাগেই খারাপ করেছি। ব্যাটিংয়ে দুয়েকজন ব্যক্তিগতভাবে ভালো করলেও ব্যাটিং ইউনিট অনুযায়ী আমরা ভালো করতে পারিনি। ফিল্ডিংয়েও নিজেদের মান ধরে রাখতে পারিনি। আর পুরো ম্যাচে একটানা ভালো বলও করতে পারিনি।”

বাংলাদেশের কাছে টানা ছয় ম্যাচে হেরেছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের এর চেয়ে বেশি টানা জয়ের রেকর্ড আছে আর মাত্র দুটি দলের বিপক্ষে। কেনিয়ার বিপক্ষে সাতটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে টানা আটটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে টেইলর বলেন, “প্রতিটি হার হতাশাজনক। র‌্যাকিংয়ের শীর্ষ দল হোক আর শেষে প্রতিটি সিরিজ হার, প্রতিটি ম্যাচ হার হতাশাজনক। আশা করি, এবার আমরা ঘুরে দাঁড়াতে পারবো।”

পুরনো খবর:

সহ-অধিনায়ককে হারালো নিউ জিল্যান্ড