২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহ-অধিনায়ককে হারালো নিউ জিল্যান্ড

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়া নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদ। বাঁহাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়ে দেশে ফিরে যাচ্ছেন সহ অধিনায়ক কেন উইলিয়ামসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টির জন্য তার জায়গায় সুযোগ পেয়েছেন লুক রঞ্চি।

মঙ্গলবার ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪৩ রানে হেরে যাওয়া ম্যাচে ১ ওভার বল করলেও ব্যাটিং করতে পারেননি উইলিয়ামসন। ৩৫তম ওভারে পয়েন্টে ফিল্ডিং করার সময় নাঈম ইসলামের জোরালো একট শট ফেরাতে গিয়ে বাঁ হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এক্সরেতে আঙ্গুলে চিড় ধরা পড়ায় উইলিয়ামসনকে দেশে ফিরে যেতে হচ্ছে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

শুধু চলতি সফর নয়, সামনের শ্রীলঙ্কা সফরেও খেলা হবে না ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।

নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। তাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্বে দেয়ার কথা ছিল উইলিয়ামসনের।

দলের ফিজিও পল ক্লোজ বলেন, “উইলিয়ামসনের বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ছে। তাই সিরিজের পরের ম্যাচগুলোতে দলে থাকা হচ্ছে না তার। পুনর্বাসন শুরুর জন্য তিনি নিউ জিল্যান্ড ফিরে আসবেন। আবার মাঠে নামতে তাকে অন্তত ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে।”