পরিশ্রমের ফল পেয়েছেন মাশরাফি
দশ মাস পর জাতীয় দলে ফিরেই পুরনো চেহারায় মাশরাফি বিন মুর্তজা। ছন্দে ফেরাকে গত পাঁচ মাসের কঠোর পরিশ্রমের ফল মানছেন দেশসেরা এই পেসার।
নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগের দিন শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, “চোটের পর প্রায় চার-পাঁচ মাস চেষ্টা করেছি খেলায় ফেরার। স্টুয়ার্ট (কার্পিনেন) এর সঙ্গে কাজ করেছি। ওর পরিকল্পনা অনেক গোছানো ছিল আর সে অনেক সহায়তা করেছে আমাকে। সব মিলিয়ে ফোকাসটা প্রত্যেকটা জায়গায় উন্নতি করার, এটাই সহায়তা করেছে।”
গত ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে খেলার সময় চোট পান মাশরাফি। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে দলে ফেরার চেষ্টা করলেও চোটের কারণে পারেননি।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে খুব দ্রুত মানিয়ে নিয়েছেন মাশরাফি। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নেন তিনি।
ফিরে এসে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে ৩০ বছর বয়সী এই পেসার বলেন, “আমার মনে হয় না সন্তুষ্টির কোনো জায়গা আছে। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলায় শারীরিক ও মানসিক চাপ নিয়েই খেলতে হচ্ছে। তবে এখন একটা ছন্দ পেয়েছি, এটা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।”
স্পিন আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে বধের পরিকল্পনা থাকে বাংলাদেশের। তবে স্পিনারদের লড়াইয়ের মঞ্চটা তৈরি করে দেয়ার দায়িত্ব থাকে পেসারদের কাঁধে। তারা শুরুর ধাক্কাটা দিলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়। পেসাররা চলতি সিরিজে এ দায়িত্ব দারুণ ভাবে পালন করে চলেছেন।
“এই কন্ডিশনে পেসাররা যখন ম্যাচ ঘুরিয়ে দেয় তখন তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। রুবেল অসাধারণ বল করেছে প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচেও ভালো করেছেন।”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাটা নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার পক্ষে সহায়ক হয়েছে বলে মনে করেন মাশরাফি।
“খেলার কোনো বিকল্প নেই। আমি শুধু অনুশীলন করে এখানে খেলতে এলে অনেক বেশি চাপ নিতে হতো। লিগে খেলায় মনে হচ্ছে অনেক বড় একটা ধাপ পেরিয়ে এসেছি। সবাই সেখানে খেলেছে, পারফর্ম করেছে, তাই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আর আন্তর্জাতিক প্রাতিযোগিতায় সেটা নিয়ে আসতে পেরেছে।”
