২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা বিশেষ কারো ওপরে নির্ভরশীল নই: সোহাগ

প্রথমে ২৪ বলে ২৬ রান। তার পর ১০ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট। বাংলাদেশ-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার অনুমিতভাবেই উঠেছে সোহাগ গাজীর হাতে। অফস্পিনার হলেও ব্যাট হাতে ক্রমেই ঔজ্জ্বল্য ছড়িয়ে যাওয়া সোহাগের বিশ্বাস, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিপক্ব। তাই বিশেষ কারো ওপরে নির্ভরশীল নয় মুশফিকুর রহিমের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 12:53 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “দলীয় প্রচেষ্টায় এই জয় এসেছে। আমাদের দলে প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা বিশেষ কারো ওপরে নির্ভরশীল নই। বরং এখন একটা দল হিসেবে খেলছি।”

চতুর্থ উইকেটে কোরি অ্যান্ডারসনের সঙ্গে রস টেইলরের ৬১ রানের জুটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। অ্যান্ডারসনকে মুশফিকের দুর্দান্ত ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙ্গেন মাশরাফি বিন মুর্তজা। সোহাগ মনে করেন, এই জুটির ভাঙ্গনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তিনি বলেন, “অ্যান্ডারসনের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট। অ্যান্ডারসন-টেইলরের মধ্যে একটা ভালো জুটি হয়েছিল। তবে আমরা কখনো হাল ছেড়ে দেইনি। আমাদের পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব ডট বল করে ওদের চাপে ফেলে দেয়ার। সেই পরিকল্পনা সফল হয়েছে।”

তিন উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান মাশরাফির। সোহাগের কণ্ঠেও প্রতিধ্বনিত হলো দেশসেরা পেসারের প্রশংসা। তিনি বলেন, “মাশরাফি ভাই দারুণ একটা স্পেল করেছেন। আগের ম্যাচেও খুব ভালো বল করেছিলেন।”

টস জিতে মুশফিকের ব্যাটিংয়ের সিদ্ধান্ত অনেককে অবাক করলেও সোহাগ অধিনায়কের পক্ষেই থাকলেন। তিনি বলেন, “আমাদের (বোলারদের) ওপরে অধিনায়কের আত্মবিশ্বাস ছিল। আমরা তাকে হতাশ করিনি।”