দুই শতকে গাজী ট্যাংকের জয়
অধিনায়ক ইমরুল কায়েস ও উসমান তারিকের অপরাজিত শতকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ২২৫ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।
জুনায়েদ সিদ্দিকের (৬০) সঙ্গে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ১ উইকেটে ১৭০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন জহুরুল ইসলাম (৮৯)।
মাত্র ৫৫ রানে শেষ ৯ উইকেট হারানোয় সংগ্রহ খুব একটা বড় হয়নি শেখ জামালের।
শেখ জামালের পক্ষে নুর হোসেন, আরফাত সানি ও মোহাম্মদ শহীদ দুটি করে উইকেট নেন।
জবাবে ৪০ রানে আফতাব আহমেদের (৭) উইকেটটি হারিয়ে ইমরুল ও তারিকের দৃঢ়তায় ৮৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় গাজী ট্যাঙ্ক। ১০৪ রানে অপরাজিত ইমরুলের ৯৪ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ১০টি চার।
১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৫ রানে অপরাজিত তারিকের ইনিংসটি ১১৪ বলে গড়া।
সাত খেলায় পঞ্চম এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে উঠে এসেছে গাজী ট্যাঙ্ক। সমান খেলায় তৃতীয় হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল।
