২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের হাতছানি

তিন বছর আগে নিউ জিল্যান্ডকে ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ করা বাংলাদেশের ক্রিকেটের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, এক অনন্য অর্জন। সেই নিউ জিল্যান্ডকে আরেকটি সিরিজে হারানোর হাতছানি বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিমের দলের।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা দেড়টায়। মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪৩ রানে জিতেছে বাংলাদেশ। যা নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টানা পঞ্চম ওয়ানডে জয়।

স্বাগতিক দলের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, নিউ জিল্যান্ডের সঙ্গে মিরপুরে তারা দারুণ সফল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে দুই দলের আগের ৭টি মুখোমুখি লড়াইয়ের ৬টিতেই বিজয়ীর নাম বাংলাদেশ। নিউ জিল্যান্ডের একমাত্র জয়টি এসেছিল ৫ বছর আগে।

তবে মুশফিকদের জন্য দুশ্চিন্তার কথা, দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ডেঙ্গু জ্বর মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

অবশ্য ২০১০ সালে চোট আক্রান্ত তামিম ইকবালকে ছাড়াই পাঁচ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ডকে ৪-০ ব্যবধানে (অন্যটি ‍বৃষ্টিতে পরিত্যক্ত) হারিয়েছিল বাংলাদেশ। গত ডিসেম্বরেও সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এসেছিল।

প্রথম ওয়ানডের আগে আকস্মিকভাবে সাকিবকে হারানোর দুঃসংবাদ পেলেও তা স্বাগতিকদের হতোদ্যম করতে পারেনি। চাপের মুখে মুশফিক-নাঈম-রুবেলরা জ্বলে উঠে দলকে এনে দিয়েছেন স্মরণীয় জয়।

অধিনায়ক মুশফিক আর গত ডিসেম্বরের পর প্রথম ওয়ানডে খেলার সুযোগ পাওয়া নাঈম ইসলামের ব্যাট থেকে এসেছে ৯০ ও ৮৪ রানের দুটো মূল্যবান ইনিংস। রুবেল হোসেন তো হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের ক্রিকেট যে ক্রমেই পরিপক্ব হয়ে উঠছে, আরেকবার তা প্রমাণিত হয়েছে।

মঙ্গলবারের জয় বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যের কথাবার্তায়, শরীরি-ভাষায় এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, “আমরা কালই (বৃহস্পতিবার) সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চাই। তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করতে চাই না।”

বাংলাদেশ অপরিবর্তিত থাকলেও নিউ জিল্যান্ড দলে পরিবর্তন হচ্ছেই। বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পাওয়ায় দেশে ফিরে যাচ্ছেন দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮৩.৩৩ গড়ে ২৫০ রান করা কেন উইলিয়ামসন। স্পিনে বেশ স্বচ্ছন্দ সহ-অধিনায়কের বিদায় অতিথিদের জন্য নিঃসন্দেহে বিরাট ধাক্কা।

পরিবর্তন আসতে পারে আরেকটি। প্রথম ম্যাচে ৮ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থাকা বাঁহাতি
পেসার মিচেল ম্যাকক্লেনাগান বাদ পড়তে পারেন। তার জায়গা নিতে পারেন অভিজ্ঞ পেসার কাইল মিলস।

এবার বাংলাদেশ সফরে আসার পর থেকেই নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিন বোলিং নিয়ে নানা কথা শুনতে হচ্ছে। তবে রুবেলের মঙ্গলবারের পারফরম্যান্সে বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও চিন্তিত কোরি অ্যান্ডারসন।

এই অলরাউন্ডার বলেন, “সফরের শুরু থেকে শুধু ওদের স্পিনারদের নিয়েই কথা হচ্ছে। তবে আমরা ওদের পেসারদের নিয়েও দুশ্চিন্তায়। আমরা ভালো মতোই জানি, যে কোনো সময় ওদের যে কোনো বোলার বিপজ্জনক হয়ে উঠতে পারে।”