২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে শেষবারের মতো জেতালেন টেন্ডুলকার

জীবনের শেষ ঘরোয়া ম্যাচে বিশাল দায়িত্ব ছিল শচীন টেন্ডুলকারের কাঁধে। দুই যুগের বেশি সময় ধরে ম্যাচ জেতানো সব ইনিংস খেলা এই ব্যাটিং-কিংবদন্তি হতাশ করেননি মুম্বাইকে। অপরাজিত ৭৯ রান করে রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিপক্ষে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

ম্যাচ শেষে টেন্ডুলকার বলেন, “এটা খুব চ্যালেঞ্জিং উইকেট ছিল। বোলারদের জন্য অনেক কিছু ছিল উইকেটে। এখানে ব্যাটিং করাটা আমি উপভোগ করেছি। আউটফিল্ড মন্থর ছিল। কাগজে কলমে স্কোর ২৪০ দেখালেও অনেক মাঠে এটা ২৮০র সমান।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবনের শেষ টেস্ট সিরিজের আগে এ ধরনের কিছুই তিনি প্রত্যাশা করেছিলেন জানিয়ে বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো একটি সিরিজ হতে যাচ্ছে। আমি এর জন্য সাগ্রহে অপেক্ষা করছি। আশা করি আমরা ভক্তদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবো।”

বুধবার রোহটাক বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং দুরূহ উইকেটে জয়ের জন্য শেষ দিন ৩৯ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের।

বুধবার ৬ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করা মুম্বাইয়ের সব আশা-ভরসা ছিল টেন্ডুলকারকে ঘিরে। টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার ধাওয়াল কুলকার্নিকে (অপরাজিত ১৬) সঙ্গে নিয়ে ধীরে-সুস্থে, ঠাণ্ডা মাথায় খেলে আর কোনো উইকেট না হারিয়ে দলকে দারুণ জয় এনে দেন।

৭৯ রানে অপরাজিত টেন্ডুলকারের ১৭৫ বলের ইনিংসে চার ছিল মাত্র ৬টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে ২৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের সমাপ্তি টানবেন টেন্ডুলকার।ৱ

কলকাতায় পর মুম্বাইয়ে সিরিজের শেষ টেস্টে মাঠে নামলেই ২০০তম টেস্ট খেলা প্রথম ক্রিকেটার বনে যাবেন তিনি।