বাংলাদেশ দলে জ্বরের প্রকোপ
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে জ্বর নিয়ে খানিকটা ঝামেলাতেই আছে বাংলাদেশ দল।
জ্বরে পড়েছেন বাংলাদেশের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। তবে তাদের অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ওয়ানডে। খেলা শুরু হবে বেলা দেড়টায়।
সোমবার সকালে প্রথম ওয়ানডের আগে শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ। জ্বরের কারণে এদিন অনুশীলন করেননি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সাকিব আল হাসান। এ প্রসঙ্গে জানতে চাইলে মুশফিক তিন ক্রিকেটারের জ্বরের কথা জানান।
“তিন-চার দিন ধরে অনেকেরই জ্বর হচ্ছে। হয়তো সিজনাল ফিভার। ওর (সাকিব) তেমন বড় কিছু হয়নি। ওকে বিশ্রাম দেয়া হয়েছে। যেন বেশি খারাপ অবস্থা না হয়।”
জ্বরের কারণে রোববার মুমিনুল হককে বিশ্রাম দেয়া হয়েছিল।
“গতকাল (রোববার) মুমিনুলকে বিশ্রাম দেয়া হয়েছিল। ও খেলার মতো ফিট। আশা করছি সাকিব কালকের মধ্যে ফিট হয়ে যাবে। আমারও শরীরটা খুব একটা ভালো না, আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাব।”
আরো দু'একটা ছোটখাটো সমস্যা থাকলেও যে যতটুকু 'ফিট' তাই নিয়ে খেলবেন বলে জানান মুশফিক।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “ওদের জ্বর আছে তবে খুব বেশি না। তাপমাত্রা একশ'র আশেপাশেই আছে। ধীরে ধীরে ওদের উন্নতি হচ্ছে। খেলতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।”
