২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের বদলে সিলেটে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

কক্সবাজারে নয়, সিলেটে হবে আগামী বছরের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

রোববার দুপুরে ঢাকায় রূপসী বাংলা হোটেলে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, সময়সূচি, ভেন্যু ও টিকিটের দাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। ছেলে ও মেয়েদের চারটি সেমি-ফাইনাল ও দুটি ফাইনাল হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কক্সবাজার স্টেডিয়ামের পিচে আগে কখনোই খেলা হয়নি। সম্পূর্ণ নতুন উইকেটে বিশ্বকাপের মতো ম্যাচ আয়োজন করা নিয়ে দ্বিধায় ছিল আইসিসি। তাই প্রয়োজেন ভেন্যু বদল হতে পারে, এমন আভাস আগেই দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান।

মেয়েদের বিশ্বকাপে অংশ নেমে ১০টি দেশ। দুই গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলবে তারা। ২৩ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা।

‘এ’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

মেয়েদের বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে বিনামূল্যেই। সিলেটে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য স্টেডিয়ামের দরজা খোলা থাকবে। আর ছেলেদের সেমি-ফাইনাল ও ফাইনালের আগে একই দিন ভেন্যুতে হবে মেয়েদেরগুলো। তাই ছেলেদের ম্যাচের টিকেট দিয়েই মেয়েদের ম্যাচটি দেখতে পারবে দর্শকেরা।

পুরনো খবর:

স্বাগতিক হয়েও 'সরাসরি' বিশ্বকাপে নেই বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: সর্বনিম্ন টিকেট ৫০ টাকা