ওয়ানডেতে ওয়ার্নারের ১৯৭ রান
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে ১৯৭ রান করেছেন ডেভিড ওয়ার্নার।
রাইওবি ওয়ানডে কাপের সেমি-ফাইনালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ১৪১ বলের ইনিংসে ২০টি চার ও ১০টি ছক্কা মেরেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান ।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর দারুণ খেলে চলেছেন ২৬ বছর বয়সী ওয়ার্নার। গত চার ম্যাচে ক্লাবের হয়ে এটা নিয়ে তৃতীয় শতক করলেন তিনি।
বৃহস্পতিবার সিডনির ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ভিক্টোরিয়া। জবাবে শুরু থেকেই বিধ্বংসী ভূমিকায় খেলতে নামা ওয়ার্নারের অনবদ্য ইনিংসের সুবাদে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌছে নিউ সাউথ ওয়েলস।
রোববার টুর্নামেন্টের ফাইনালে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়ার্নাররা।
