জয়ের আশা ছাড়ছে না নিউ জিল্যান্ড
এখনো নিউ জিল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটন। আর এর জন্য শুক্রবার ঢাকা টেস্টের শেষ দিনের প্রথম ঘণ্টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে নিউ জিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন ফুলটন।
তিনি বলেন, “ম্যাচের এখনও অনেক সময় বাকি। আজ আরও দুটি উইকেট পড়লে আমরা খুশি হতাম। আগামীকাল সকালে আমাদের কিছু করে দেখাতে হবে। প্রথম ঘণ্টাতেই যদি কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে যে কোনো কিছুই হতে পারে।”
চতুর্থ দিন শেষে সাত উইকেট হাতে নিয়ে ১১৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে এটাকে বড় করে দেখছেন না ফুলটন।
"বাংলাদেশের লিড পেয়েছে। কিন্তু এখনো সেটা বড় কোনো লিড নয়। আমরা যদি শুরুর দিকেই উইকেটগুলো তুলে নিতে পারি, তাহলে ছোটখাট লক্ষ্য তাড়া করার জন্য আমাদের হাতে অনেক ওভার থাকবে। তবে যে কোনো লক্ষ্য তাড়া করে জেতার চেষ্টা থাকবে আমাদের।”
মমিনুল হক, তামিম ইকবালদের প্রশংসা করলেও নিজেদের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন ফুলটন। তিনি বলেন, “আমি মনে করি না (বোলিংয়ে) অনেক ভুল হয়েছে। আমরা মোটামুটি ভাল বলই করেছি। এটা দারুণ ব্যাটিং সহায়ক উইকেট। তবে দুই ব্যাটসম্যানও ভালো ব্যাটিং করেছেন।”
টানা দুই টেস্টে শতক করা মমিনুলের কথা আলাদা করেই বলেছেন ফুলটন। “আমাদের পরিকল্পনা অনুযায়ী তার জন্য অফ স্ট্যাম্পের ঠিক বাইরে বল করা হচ্ছিলো। কিন্তু আজ সে খুবই ধৈর্য্য ধরে খেলেছে। অনেকগুলো বল ছেড়েছে আর যখনই তাকে বাজে কোনো বল আমরা দিয়েছি সেটাকে সে চারে পরিণত করেছে। এ ধরনের ব্যাটসম্যানদের জন্য আপনাকে শ্রদ্ধা দেখাতেই হবে।"
