২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডের পথে মমিনুল

আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও শতক হাঁকানো মমিনুল হক। শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিনে আর মাত্র চার রান করলেই বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

টানা দ্বিতীয় টেস্টে শতক হাঁকানো মমিনুল ১২৬ রানে অপরাজিত আছেন। তার ২২৫ বলের ইনিংসে চার ১৬টি।

বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। ২০০৩ সালে পাকিস্তান সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩৭৯ রান করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্বাচক। একটি শতক, তিনটি অর্ধশতকসহ ৬৩.১৬ গড়ে এ রান করেছিলেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ৩৭৬ রান করেছেন কক্সবাজারের ছেলে মমিনুল।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮১ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ২২ রানে। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দারুণ সূচনার পর ৪৭ রানে থেমে গিয়েছিলেন তিনি।

রেকর্ডটি নিজের করে নিতে পারলে মমিনুলের কৃতিত্ব হবে আরো বেশি। কারণ তিনি তা করবেন দুই টেস্টের সিরিজে, ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই।

অবশ্য দুই টেস্ট সিরিজের হিসেবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মমিনুল।

২০১০ সালে লর্ডস ও ম্যানচেস্টারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্টে শতক হাঁকানো তামিম ইকবালের সিরিজে মোট রান ছিল ২৬৮। এতদিন দুই ম্যাচের সিরিজে সেটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।

এই তামিমের পরই দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টানা দুই টেস্টে শতক গড়ার অসাধারণ মাইলফলকে পৌঁছেছেন মমিনুল।